হাজারীবাগে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ২১:৫২

রাজধানীর হাজারীবাগ এলাকায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নাদিম বাহাদুর নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বুধবার ভোরে এ ঘটনা ঘটে। র্যাব জানিয়েছে, নাদিম তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকসংক্রান্ত নয়টি মামলা রয়েছে। তবে স্বজনরা বলছেন, মাদক সেবন করলেও ব্যবসায়ী ছিলেন না তিনি।

র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল কাশেম বিন সারোয়ার জানান, হাজারীবাগের শিকদার মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনের সড়কে র্যাবের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গুলি বিনিময়ের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, ১৮০ পিস ইয়াবা ও ৩৫ পিস ফেনসিডিল জব্দ করা হয়েছে। এ ঘটনায় র্যাবের এক সদস্য আহত হয়েছেন।

র্যাব সূত্র জানায়, ভোর সোয়া ৪টার দিকে সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছিল র্যাবের একটি দল। এ সময় সন্দেহজনক একটি মোটরসাইকেলকে থামার নির্দেশ দেওয়া হয়। তবে আরোহীরা না থেমে উলটো র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও পালটা গুলি চালায়। এতে আরোহীদের একজন গুলিবিদ্ধ হয়ে পড়ে যায়। অপরজন পালিয়ে যেতে সক্ষম হয়। আহত ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। পরে তার সঙ্গে থাকা পরিচয়পত্র থেকে নাম-ঠিকানা জানা যায়। তার গ্রামের বাড়ি শরীয়তপুরের গোসাইরহাটে।

নিহতের মামাতো ভাই মিলন জানান, হাজারীবাগ মোড়ের বাজারে মাছ বিক্রি করতেন নাদিম। তিনি অবিবাহিত ছিলেন। মা শেফালী বেগমকে নিয়ে থাকতেন হাজারীবাগের ৩৫ নম্বর নূরী লেনে। তার বাবা আমির হোসেন আগেই মারা গেছেন। নাদিমের নামে কয়েকটি মাদকের মামলা থাকলেও তিনি মাদক ব্যবসা করতেন না। মঙ্গলবার সন্ধ্যায় বাসার পাশের একটি চায়ের দোকান থেকে তাকে ধরে নিয়ে যান র্যাব সদস্যরা। এরপর তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে গতকাল সকালে তার মৃত্যুর খবর পান।