সাত দিনের মধ্যে আদালতের পূর্ণাঙ্গ রায় বাস্তবায়নের আবেদন বেরোবির শিক্ষকের

আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ২১:৫৫

আগামী সাত দিনের মধ্যে আদালতের রায় পূর্ণাঙ্গরূপে বাস্তবায়ন না করলে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করবেন সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নিয়োগপ্রাপ্ত শিক্ষক মাহমুদুল হক। জ্যেষ্ঠতা, পদোন্নতি, বেতন-ভাতা ও ক্ষতিপূরণ প্রদানসহ পূর্ণাঙ্গ রায় বাস্তবায়ন চেয়ে বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর করা আবেদনে এই আলটিমেটাম দেন মাহমুদুল হক।

রেজিস্ট্রার বরাবর দেওয়া চিঠিতে তিনি উল্লেখ করেন, ক্ষতিপূরণ ও অবৈধ নিয়োগকে বাতিল ঘোষণা চেয়ে আরেকটা মামলা করবেন তিনি। অপরাধ সংগঠনকারী (যিনি নিয়োগে জালিয়াতি করেছেন), অপরাধের সুবিধাভোগী এবং অপরাধের সুবিধাভোগীকে রক্ষার চেষ্টাকারীর নিকট থেকে আদালতের মাধ্যমে এ ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়া হবে।

বুধবার দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ আয়োজিত সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নাজমুল আহসান কলিমউল্লাহর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আদালতের প্রতি সম্মান জানিয়ে আমরা আংশিক রায় বাস্তবায়ন করতে পেরেছি। বাকি বিষয়টি প্রক্রিয়াধীন।’