আসুন শহিদদের সম্মানে গাছ লাগাই

আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ২২:০৬

সমপ্রতি তুরস্কে হয়ে গেল একটি সবুজ বিপ্ল­ব! এনিস সাহিন নামের এক ব্যক্তির সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট ভাইরাল হলে তা তুরস্কের প্রেসিডেন্টের নজরে আসে। তিনি পোস্টে লিখেছিলেন, বৃক্ষরোপণের জন্য একটি সরকারি ছুটি হলে কেমন হয়? আসুন দেশের ৮ কোটি ২০ লাখ মানুষ একসঙ্গে ঐ দিনটিতে গাছ লাগাই। পরবর্তী প্রজন্মের জন্য আমরা একটি সবুজ পৃথিবী রেখে যেতে চাই। তুরস্কের প্রেসিডেন্ট পোস্টদাতাকে ধন্যবাদ জানিয়ে ১১ই নভেম্বর জাতীয় দিবস ঘোষণা করেন এবং ঐ দিন তুরস্কব্যাপী ১ কোটি ৩০ লাখ গাছ লাগানো হয়। এটিই সামাজিক যোগাযোগ মাধ্যমে দলমত ছাড়াই মুহূর্তের মধ্যে হয়ে যেতে পারে একটি সবুজ বিপ্ল­ব!

কিছুদিন আগে বিশ্বের প্রত্যেক দেশের পরিবেশবিদরা সম্মিলিতভাবে পৃথিবীতে ‘জলবায়ু জরুরি’ অবস্থা ঘোষণা করেছেন। অর্থাত্ পৃথিবীকে টিকিয়ে রাখতে গাছ লাগানো এখন কেবল সামাজিক বনায়ন কার্যক্রম নয়, এটি আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। আমাদের সকলের এ লড়াইয়ে অংশ নেওয়া উচিত। ৩০ লাখ শহিদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা। উত্তরসূরি হিসেবে এই ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারব না। তবে সাক্ষ্য রেখে যেতে পারি তাঁদের ত্যাগের, তাঁদের প্রতি আমাদের সম্মানের। এই লক্ষ্যে আসুন, আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে দেশব্যাপী ৩০ লাখ শহীদের সম্মানে ৩০ লাখ গাছ লাগানোর কর্মসূচি গ্রহণ করি। যার যার ব্যক্তিগত উদ্যোগে শহিদদের প্রতি সম্মানস্বরূপ গাছ লাগানোর এই উদ্যোগ হবে আমাদের ভবিষ্যত্ প্রজন্মের জন্য সবচেয়ে বড় উপহার। সূত্রটি খুবই সহজ! দেশের মাত্র ১.৮৭৫% অংশ জনগণ উদ্যোগী হলেই সম্ভব। দেশের তরুণ প্রজন্ম, নাগরিক সমাজ, গণমাধ্যম, বুদ্ধিজীবীদের এ বিষয়ে এগিয়ে আসার আহ্বান জানাই।                                  

আহাদ আমিন

গৃহ-২৮৩/২৮৪, ২-চ, মিরপুর ২, ঢাকা ১২১৬