রাস্তা সংস্কারের আবেদন

আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ২২:০৬

সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলা হলেও সড়ক উন্নয়নের ক্ষেত্রে অনেক পিছিয়ে আছে। উল্লাপাড়া পৌরসভা থেকে মাত্র দুই কিলোমিটার দক্ষিণে নয়ানগাঁতী গ্রামের রোস্তমের বাড়ি থেকে ভট্টকাওয়াক গ্রামের আবু মণ্ডলের বাড়ি পর্যন্ত মাত্র ৫০০ ফিট রাস্তায় উল্লাপাড়া পৌরসভা গঠনের ৩০ বছরে এক কোদাল মাটিও পড়েনি। রাস্তাটির ভগ্নদশার কারণে এলাকাবাসীর যাতায়াতে দুঃখ-দুর্দশার শেষ নেই। পৌরসভা বলে এটি উল্লাপাড়া সদর ইউনিয়নের রাস্তা, সদর ইউনিয়ন বলে এটি উল্লাপাড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রাস্তা। উভয় পক্ষের রেষারেষির কারণেই রাস্তার এই দুরবস্থা। প্রকৃতপক্ষে পৌরসভার রেকর্ডপত্র এবং জনসাধারণের ভাষ্যে এটি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডেরই নিজস্ব রাস্তা। এ অবস্থায়, রাস্তাটিসহ ভট্টকাওয়াক কালী মন্দির থেকে আমান সিমেন্ট মিল পর্যন্ত মাত্র ২০০ ফিট রাস্তা পাকা করার জন্য যথাযথ কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।

মো. একরামুল হক

ভট্টকাওয়াক নতুনপাড়া, উল্লাপাড়া, সিরাজগঞ্জ