পরিবহন সেক্টরে বড়ো সমস্যা চাঁদাবাজি :নাসিম

আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ২২:৪৯

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, পরিবহন সেক্টরে বড়ো সমস্যা চাঁদাবাজি। বিভিন্ন রাজনৈতিক দল সমর্থিত মালিক-শ্রমিক নেতা ও এক শ্রেণীর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মিলে এ সেক্টরে প্রতিদিন কোটি কোটি টাকার চাঁদাবাজি করে যাচ্ছে। এক্ষেত্রে বাম-ডানসহ বিভিন্ন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসীদের বিস্ময়কর ঐক্য রয়েছে। এ কারণে সত্ পরিবহন মালিক-শ্রমিকরা দীর্ঘদিন ধরে নির্যাতিত। চাঁদাবাজি বন্ধ হলে পরিবহন সেক্টরের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে বলে মোহাম্মদ নাসিম আশাবাদ ব্যক্ত করেন।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জেলহত্যা দিবস উপলক্ষ্যে এবং শেখ রাসেলের জন্মদিনকে ‘শিশু রক্ষা দিবস’ হিসেবে পালন করার দাবিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মোহাম্মদ নাসিম বলেন, সকলের মতামতের ভিত্তিতে সড়ক পরিবহন আইন করা হয়েছে। শ্রমিক ও মালিকের স্বার্থরক্ষার জন্য বারবার আলোচনা করা হয়। কেবিনেট এবং বাইরেও আলোচনা হয়েছে। এরপর এক বছর পর্যালোচনায় রেখে এই আইন পাস করা হয়েছে। এখন আইনটি বাস্তবায়ন শুরু হওয়ায় জনগণকে জিম্মি করে ধর্মঘট করবে, এটা হতে পারে না। তারা আলোচনার টেবিলে না বসে কেন হঠাত্ করে ধর্মঘট ডাকলেন? এর মাধ্যমে বিরোধী রাজনৈতিক শক্তির চক্রান্তের সঙ্গে হাত মেলানো হয়েছে। শ্রমিক, মালিক ও পরিবহন নেতাদের উদ্দেশে তিনি বলেন, কোনো ঘাতক চালক নিজের ইচ্ছেমতো কাউকে হত্যা করবে, এটা দেশের জনগণ মেনে নেবে না। দেশের জনগণকে যারা জিম্মি করছে, শক্ত হাতে তাদের মোকাবিলা করা হবে। ক্যাসিনোকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া গেলে, পরিবহন সেক্টরের চাঁদাবাজাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না? 

মোহাম্মদ নাসিম ৩ নভেম্বর জেলহত্যা দিবসের বিভিন্ন স্মৃতিবিজড়িত তথ্য তুলে ধরেন। একইসঙ্গে শেখ রাসেলের জন্মদিনকে ‘শিশু রক্ষা দিবস’ হিসেবে পালন করার দাবি সংসদে উপস্থাপন করবেন বলেও জানান তিনি। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কার্যকরী সভাপতি ফালগুনী হামিদের সভাপতিত্বে আলোচনায় অন্যান্যের মধ্যে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কাদের খান, সংগঠনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, আওয়ামী লীগ নেতা এমএ করিম প্রমুখ বক্তব্য দেন।