প্রধানমন্ত্রী শেখ হাসিনা তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার ওপর গুরুত্বারোপ করে বলেছেন, ‘তার সরকার ক্রিকেট এবং ফুটবলের পাশাপাশি টেনিসসহ অন্যান্য খেলার প্রসারেও সমান গুরুত্ব দিচ্ছে। ফুটবল-ক্রিকেটের পাশাপাশি এগিয়ে যাচ্ছে দেশের টেনিসও।’ তিনি টেনিস অনুশীলনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা খেলাধুলাকে বেশি গুরুত্ব দিচ্ছি এজন্য যে তরুণপ্রজন্ম যত বেশি এতে অংশ নেবে ততটাই তাদের মন-মানসিকতা আরো ভালো হবে। শারীরিকভাবে সুস্থ হবে এবং নিজেদের আরো বেশি তৈরি করতে পারবে।’
গতকাল বুধবার অপরাহ্নে গণভবনে ‘শেখ রাসেল আন্তর্জাতিক ক্লাব কাপ টেনিস টুর্নামেন্ট-২০১৯’ এ অংশগ্রহণকারী বিভিন্ন দেশের প্রতিনিধি এবং কূটনীতিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘ক্রিকেট, ফুটবল নিয়েই আমরা সবসময় মেতে থাকি। তবে টেনিসও অনেক গুরুত্বপূর্ণ। বাংলাদেশে ক্রিকেট এবং ফুটবল জনপ্রিয় খেলা হলেও এখন মানুষ টেনিসের সঙ্গেও পরিচিত হচ্ছে। আর এই প্রতিযোগিতা আয়োজনের পরে তরুণপ্রজন্ম আরো বেশি করে টেনিসের প্রতি আকৃষ্ট হবে বলে আমি মনে করি।’ তিনি বলেন, তার সরকার টেনিস কোর্ট তৈরি এবং প্রশিক্ষণ প্রদানসহ স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়পর্যায়ে প্রতিযোগিতা আয়োজনের মধ্যদিয়ে এই খেলাটির প্রসারে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি ছেলেমেয়েদের এই খেলায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, ‘আমাদের ছেলেমেয়েরা যেন এই খেলাধুলায় এগিয়ে আসে এবং তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা আমরা করব। আমরা টেনিসের প্রতি বিশেষ গুরুত্ব দেব। প্রশিক্ষণের ক্ষেত্রে সব ধরনের সুযোগ-সুবিধা বাড়িয়ে দেব, যেটা খুব জরুরি।’
শেখ হাসিনা খুলনায় টুর্নামেন্টটি সফলভাবে আয়োজন করায় সব আয়োজকদের ধন্যবাদ জানান। বিশেষ করে এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য এবং এক সময়কার দেশবরেণ্য ফুটবলার এবং বাফুফে সহসভাপতি সালাম মুর্শেদীর ভূমিকার প্রশংসা করেন। তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১৯টি দেশের ২১টি ক্লাবের সব সদস্যদের প্রতি শুভেচ্ছা জানিয়ে এই টুর্নামেন্টটিকে গুরুত্ব প্রদান করে এর সঙ্গে সম্পৃক্ত থাকায় বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং হাইকমিশনারদের প্রতিও শুভেচ্ছা জ্ঞাপন করেন।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. আখতার হোসেন প্রতিযোগিতার বিভিন্ন দিক তুলে ধরে অনুষ্ঠানে বক্তৃতা করেন। এসময় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, স্থানীয় সংসদ সদস্য সালাম মুর্শেদী এবং শেখ সালাহউদ্দিন জুয়েল উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং সরকারের মন্ত্রী পরিষদ বিভাগের সহযোগিতায় গত ১৩ থেকে ১৮ নভেম্বর খুলনার শেখ রাসেল আন্তর্জাতিক টেনিস কমপ্লেক্সে ‘শেখ রাসেল আন্তর্জাতিক ক্লাব কাপ টেনিস টুর্নামেন্ট-২০১৯’র আয়োজন করে জেলা প্রশাসন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে টুর্নামেন্টটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টুর্নামেন্টে ৭৪ জন প্রতিযোগী তিনটি বিভাগে প্রতিদ্বন্দ্ব্বিতা করেন। পুরুষ এককে ভারতের নিতিন কুমার সিনহা এবং নারী এককে মঙ্গোলিয়ার মারালোগো চগসোমজাত শিরোপা জয় করেন। আর পুরুষ দ্বৈতে থাইল্যান্ডের চায়ানন কেউসুতো ও উনশায়াট্রং চারোয়েন চাইকুল জুটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
