হুমকি ও আতঙ্কে সেই নারী হাসপাতালের বেডে মূর্ছা যাচ্ছেন

আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ২২:৫৪

জামালপুরে গৃহবধূকে গণধর্ষণের পর স্বামীকে ফাঁস দিয়ে হত্যার সংবাদ গতকাল প্রকাশ পেলে অতিরিক্ত পুলিশ সুপার বাছির উদ্দিনসহ র্যাব সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি তদন্ত করে দেখছেন। গণধর্ষণ মামলায় গ্রেফতার আসামি শাওনকে গতকাল আদালতে হাজির করে রিমান্ড আবেদন করেছে পুলিশ। আগামী ২৬ নভেম্বর রিমান্ড শুনানি হবে। ধর্ষণের শিকার ঐ গৃহবধূর ডাক্তারি পরীক্ষাসম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী উপপরিচালক প্রফুল্ল কুমার সাহা। তিনি বলেন, নির্যাতিত নারীকে চিকিত্সাসেবা দেওয়া হচ্ছে। ধর্ষণের রিপোর্ট তৈরির কাজ চলমান রয়েছে। হাসপাতালে খোঁজ নিয়ে দেখা গেছে, গতকাল বেডে শুয়ে কাঁতরাচ্ছেন ঐ নারী। স্থানীয় প্রভাবশালী এক চেয়ারম্যানের এখনো অপতত্পরতা রয়েছে। হুমকিও দেওয়া হচ্ছে ঐ নারীর স্বজনদের। মাঝে মধ্যে এ নিয়ে মূর্ছায় যান গৃহবধূ। তার চোখে-মুখে ভয়; সঠিক বিচার না পাওয়ার সংশয়।