জাতীয় সংসদে বিরোধী দলীয় উপনেতা ও জাপা চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, সড়ক পরিবহন আইন যেকোন মূল্যে কার্যকর করে প্রমাণ করতে হবে সরকার কারো কাছে জিম্মি নয়। কারণ জনগণ চায় সড়কে শৃংখলা ফিরিয়ে আনতে এবং সড়ক দুর্ঘটনা রোধ করতে হলে এ আইনের প্রয়োজন রয়েছে।
তিনি বুধবার রাতে রংপুর নগরীর দর্শনা এলাকায় প্রয়াত এরশাদের পল্লী নিবাস বাস ভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এ সব কথা বলেন।
তিনি বলেন, দেশের স্বার্থে সকলের দাবি সড়ক পরিবহন আইন কার্যকর হোক সেখানে মুষ্টিমেয় একটি গোষ্ঠী জনগণকে জিম্মি করবে আর সরকার তাদের কাছে সারেন্ডার করবে তা হতে পারে না। তিনি বলেন, একটি গোষ্ঠী সড়ক দুর্ঘটনা ঘটলে আইন তাদের পক্ষে নয় বলে প্রচার করছে কিন্তু আমার প্রশ্ন দুর্ঘটনা হবে কেন? আমরা যদি সড়ক পরিবহন আইন মেনে চলি তাহলে তাহলে সড়ক দুর্ঘটনা মিনিমাম পর্যায়ে চলে আসবে বলে আমার ধারণা।
এর আগে জিএম কাদের পল্লী নিবাসে এসে পৌঁছালে বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় জাপার ভাইস প্রেসিডেন্ট আব্দুর রউফ মানিক, জেলা জাপার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক শাফিউল ইসলাম শাফিসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/আরকেজি
