ইডেন গার্ডেন্সে দেখা হচ্ছে না শেখ হাসিনা অমিত শাহর

আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ০০:২৬

আগামী ২২ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশ-ভারতের গোলাপি বলের টেস্টের উদ্বোধনী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সাক্ষাত্ হচ্ছে না। প্রশাসন সূত্রে জানা গেছে—২২ নয়, ২৩ নভেম্বর কলকাতা আসবেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। তাই শেখ হাসিনার সঙ্গে শাহর সাক্ষাতের কোনো সম্ভাবনা নেই।

সূত্রে খবর, দিল্লিতে ভারতের লোকসভার অধিবেশন চলছে। তাই ২২ নভেম্বর শুক্রবার আসতে পারছেন না অমিত শাহ। তবে উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সমাপ্তি অনুষ্ঠানেও তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন। রাজনৈতিক মহলের মতে—একই মঞ্চে মমতা ব্যানার্জির সঙ্গে থাকা এড়াতেই সম্ভবত অমিত শাহ পরের দিন আসছেন।

এদিকে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকাকালীন ইডেন গার্ডেন্সে থাকছে জোরদার নিরাপত্তা। মাঠে অনুষ্ঠানের সময় যে ২০০ নৃত্যশিল্পী উপস্থিত থাকবেন, তাদের সবার বিস্তারিত তথ্য নিয়ে রাখছে পুলিশ। যারা বাদ্যযন্ত্র বাজাবেন, তাদেরও যাবতীয় নাম-ঠিকানা-পরিচয়পত্র আগাম জমা দিতে হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী ইডেনে থাকার সময় ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি ছাড়া সিএবির পাঁচ জন পদাধিকারী আশপাশে উপস্থিত থাকতে পারবেন।