পরিবহন ধর্মঘটের প্রভাব বাজারে

আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ০০:৩০

সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে মালিক-শ্রমিকদের ডাকা ধর্মঘটের বিরূপ প্রভাব পড়েছে রাজধানীর সবজি বাজারে। এর ফলে কোনো কোনো সবজির দাম কেজিতে পাঁচ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। গতকাল বুধবার রাজধানীর কাওরান বাজার ও শান্তিনগরসহ কয়েকটি বাজারে খোঁজ নিয়ে এ তথ্য জানা যায়। 

সংশ্লিষ্টরা জানান, বুধবার থেকে ধর্মঘট শুরু হওয়ায় বাজারে প্রভাব পড়ার কথা পরেরদিন থেকে। কিন্তু একদিন আগেই সবজির দাম বেড়ে গেছে। সুযোগ বুঝে ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দিয়েছেন।

গতকাল খুচরা বাজারে প্রতি কেজি করলা ৮০ টাকা, বেগুন ও শিম ৫০ থেকে ৬০ টাকা, কাঁকরল, ঝিঙা ৪০ থেকে  ৫০ টাকা, পেঁপে ২৫ থেকে ৩০ টাকা, টম্যাটো ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হয়। এছাড়া আকারভেদে প্রতিটি ফুলকপি ও বাঁধাকপি ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতিটি লাউ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। যা এক দিনের ব্যবধানে সবজিভেদে পাঁচ থেকে ১০ টাকা বেড়েছে।

পেঁয়াজের দাম আরো কমেছে

এদিকে দাম কমতে শুরু করেছে পেঁয়াজের। দেশি পেঁয়াজ ১৮০ টাকা ও মানভেদে আমদানিকৃত পেঁয়াজ ১২০ থেকে ১৭০ টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজ ব্যবসায়ীরা জানান, এখন আর পেঁয়াজের দাম বাড়বে না। বিদেশ থেকে পর্যাপ্ত পেঁয়াজ আমদানির পাশাপাশি দেশীয় পেঁয়াজ বাজারে আসতে শুরু করেছে। তাই এখন দাম কমবে।