ছবি থেকে বোঝা যায় মঙ্গলে প্রাণের অস্তিত্ব রয়েছে: মার্কিন বিজ্ঞানী

আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ০০:৩২

সৌরজগতের লাল গ্রহ হিসেবে পরিচিত মঙ্গলের সঙ্গে পৃথিবীর তুলনামূলক মিল থাকায় সেখানে প্রাণের অস্তিত্ব নিয়ে জ্যোতির্বিজ্ঞানীদের মধ্যে ব্যাপক কৌতূহল রয়েছে। সেখানে এখন পর্যন্ত প্রাণের অস্তিত্বের নিশ্চিত কোনো প্রমাণ না পেলেও সেখানে তরল পানির উপস্থিতি থেকে অনেকেই মনে করছেন গ্রহটিতে প্রাণের অস্তিত্ব থাকাটা যৌক্তিক। তবে এবার যুক্তরাষ্ট্রের ওহাইয়ো বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞানী দাবি করেছেন, মঙ্গলের পৃষ্ঠে কীটপতঙ্গের মতো এক ধরনের প্রাণীর অস্তিত্ব রয়েছে।

এমিরেটাস অধ্যাপক উইলিয়াম রমোসার তার গবেষণায় দেখতে পেয়েছেন, মঙ্গলের মাটিতে মৌমাছির মতো দেখতে এক ধরনের প্রাণী রয়েছে। সরীসৃপ জাতীয় প্রাণীর কথাও তিনি বলেছেন। দুই ধরনের প্রাণীর ফসিল এবং জীবন্ত অবস্থার কথা তিনি বলেছেন। রমোসার বলেন, মঙ্গলে প্রাণের অস্তিত্ব রয়েছে। ফসিলের পাশাপাশি জীবন্ত প্রাণীও রয়েছে সেখানে। মঙ্গলের এসব প্রাণীর মধ্যে একাধিক প্রজাতির পতঙ্গ থাকার সম্ভাবনার কথাও তিনি বলেছেন। পৃথিবীর কীট-পতঙ্গের মতোই পা, এন্টেনা এবং ডানা রয়েছে।

মঙ্গলে পাঠানো নাসার রোবট যান কিউরিসিটি সেখানে প্রাণের অস্তিত্ব খুঁজতে মরিয়া হয়ে আছে। রমোসার বলেন, কিউরিসিটির পাঠানো ছবি বিশ্লেষণ করে পরিষ্কার বোঝা যায় যে, কীটপতঙ্গ এবং সরীসৃপ জাতীয় প্রাণী রয়েছে মঙ্গলে।