অনুপ্রবেশ ও ভিসার নিয়ম না মানায় ১৪০ ভারতীয়কে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ০০:৩৩

এক মাসের মধ্যে দ্বিতীয়বার ভারতীয়দের দেশে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার ৩ মহিলাসহ ১৪০ জন ভারতীয় বিশেষ বিমানে দিল্লি বিমানবন্দরে নামেন। তাদের বিরুদ্ধে ভিসার নিয়মকানুন না মানা অথবা বেআইনিভাবে আমেরিকায় প্রবেশের অভিযোগ আছে। জানা গেছে, ফেরত আসা ভারতীয়দের বেশিরভাগই পাঞ্জাব-হরিয়ানা ও গুজরাটের বাসিন্দা। তাদের বয়স ২৫ বছর থেকে ৩০ এর মধ্যে। পাশাপাশি ওই বিমানেই বেশ কয়েকজন বাংলাদেশি ও শ্রীলঙ্কার নাগরিকও ফিরেছেন। ভারতের অভিবাসন দফতর সূত্রে খবর, এই ভারতীয়দের অনেকেই বিভিন্ন সময়ে মেক্সিকো, গ্রিসের মতো কয়েকটি দেশের সীমান্ত পেরিয়ে আমেরিকায় ঢুকেছিলেন। পরে মার্কিন প্রশাসন তাদের গ্রেফতার করে। কয়েকজন আবার ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও সে দেশে থেকে গিয়েছিলেন বা ভিসা সংক্রান্ত নিয়ম ভেঙেছেন। —আনন্দবাজার পত্রিকা