খাগড়াছড়িতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

আপডেট : ২২ নভেম্বর ২০১৯, ২০:৪৮

খাগড়াছড়িতে ময়না আক্তার (১৯) নাম্মী নামে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে রবিউল ইসলামকে (২৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। বৃহস্পতিবার সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক রেজা মো. আলমগীর হোসেন জেলা ও দায়রা জজ আদালতে আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। 

আরও পড়ুন: ইয়াবাসহ দুই সাবেক নারী ইউপি সদস্য হাতেনাতে গ্রেফতার

মামলা সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ২৫ আগস্ট রাতে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার কেয়াংঘাট ইউনিয়নের নতুন পাড়া এলাকায় ঘর থেকে ডেকে নিয়ে স্ত্রী ময়না আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করে রবিউল ইসলাম। পরে তার লাশ বাড়ির পেছনের পাহাড়ের একটি খাদে ফেলে দেয়। এ ঘটনায় নিহত ময়নার বাবা মাইনুল হক ওরফে ময়নাল বাদী হয়ে রবিউলসহ অজ্ঞাত ৪/৫জনকে আসামি করে মহালছড়ি থানায় মামলা দায়ের করেন। পুলিশ ঘটনার তিন মাস পর ২০ নভেম্বর রবিউলকে আসামি করে আদালতে চার্জশীট দেয়। মামলা চলাকালীন আসামির স্বীকারোক্তি ও ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় প্রদান করেন। 

ইত্তেফাক/এএএম