টেলিছবি ‘সাঁতার’

আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ২১:০৬

বারোমাসী অভাবী পরিবারের সন্তান মালা। শরীরে বাসা বেঁধেছে মরণব্যাধি। দিশেহারা পরিবার। অথচ মালার চোখে খেলা করে আম বাগানে ঢিল ছোঁড়া, পাখির বাসা খোঁজা, গাঁয়ের পথে অবাধ দৌড়, স্কুলের দূরন্ত শৈশব। উড়োজাহাজের শব্দ তাকে খুব টানে। পাখির মতো উড়তে চায় সে। জীবনের আলো নিভে যাওয়ার আগে মালার শেষ ইচ্ছে পূরণে তত্পর মা-বাবা।

মালার রঙিন স্বপ্নগুলো দিনদিন ফ্যাকাসে হতে থাকে। পরিবারের সবাই কোনো চেষ্টাই বাকি রাখে না মালাকে বাঁচানোর। চোখের সামনে ক্ষয়ে যাচ্ছে সন্তানের আয়ু। টাকার কাছে মানুষ যে কতটা অসহায় তারই চিত্র বিম্বিত হয়েছে সাঁতার টেলিছবিতে। এ টেলিছবিতে অভিনয় করেছেন চম্পা, রাইসুল ইসলাম আসাদ, দিলারা জামান, শিশুশিল্পী আইরিন তানি প্রমুখ। তুষার কান্তি সরকারের রচনায় টেলিছবিটি পরিচালনা করেছেন গোলাম হাবিব লিটু। সূচনা সংগীতে সুর ও কণ্ঠ দিয়েছেন খায়রুল ওয়াসী। টেলিছবিটি প্রচারিত হবে আজ দুপুর ৩টা ৫ মিনিটে।