ম্যাচটা কি তিন দিনেই শেষ হয়ে যাবে? অন্তত আলোচনা তো তেমনই চলছে। সংবাদ সম্মেলনে মুমিনুল হকের প্রতি বাংলাদেশি এক সাংবাদিকের প্রশ্ন এমনই ছিল। বেশ খানিকটা হেসে বাংলাদেশ অধিনায়ক সরলভাবেই বলে দিলেন, ‘একজন খেলোয়াড় হিসেবে আমি তো কোনো সময় বলতে পারি না, খেলা তিন দিনে শেষ হবে। ঘাস থাকলেই যে খেলা তিন দিনে শেষ হবে এমন কোনো কথা নেই।’
গোলাপি বলে বাংলাদেশ-ভারত দিবারাত্রি টেস্ট নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে। গোলাপি বলটা থাকছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। বল কেমন আচরণ করবে, কেমন হবে ঘাসের উইকেটে বলের মুভমেন্ট। লাল বলের চেয়ে একটু বেশি হতে পারে বলেই বিশেষজ্ঞদের ধারণা। নতুন করে আলোচনায় ঠাঁই নিয়েছে আলো-আঁধারি তথা গোধূলির সময় ফ্লাডলাইটের আলো জ্বালানোর পর তা ব্যাটসম্যানদের জন্য কোনো প্রতিবন্ধকতা তৈরি করবে কিনা? ঐ সময়ে দ্রুতগতির বল আলোর কারণে নাকি ধাঁধার জাল হয়ে ধরা দিতে পারে। চ্যালেঞ্জের সবদিক নিয়েই কথা হচ্ছে।
বাংলাদেশ দল অবশ্য গোধূলির ধাঁধা নিয়ে এখনই ভাবছে না। মুমিনুল বলছেন, অনুশীলনের মাধ্যমেই এ বিষয়ে ধারণা পাবেন ব্যাটসম্যানরা। গতকাল ম্যাচপূর্ব অনুশীলন করেছে বাংলাদেশ বিকালে। যেখানে গোধূলির সময়টাতেও নেটে ব্যাটিং করেছেন ব্যাটসম্যানরা। সংবাদ সম্মেলনে মুমিনুল বলেছেন, ‘এই সব নিয়ে কোনো আলোচনা হয়নি। ইন্দোরে করেছি, আজকেও (গতকাল) করব। চ্যালেঞ্জ থাকবেই তবে আমার মনে হয়, এটা মাথায় না নেওয়াই ভালো। দলের সবাই প্রস্তুতি নিচ্ছে, আমার মনের হয় ভালোই হবে।’
ইন্দোরে তিন দিনেই শেষ হয়ে গিয়েছিল টেস্ট। ইডেনে চলছে এলাহি আয়োজন। দুই দেশের প্রথম দিবারাত্রির টেস্ট বলে কথা। ম্যাচটা খেলা হবে ইডেনের চার নম্বর উইকেটে। বুধবার পর্যন্ত উইকেটে সবুজাভ একটা রূপের আধিক্য ছিল। গতকাল অবশ্য ঘাসের পরিমাণ কমে গেছে। সেটাও নাকি আয়োজকদের বার্তার কারণেই।
সবুজ উইকেটে ম্যাচ দ্রুত শেষ হয়ে যেতে পারে আশঙ্কা সবার। সব আয়োজন দ্রুত মাটি হয়ে যাক, এমনটা চায় না ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। ম্যাচটা চার দিনে অন্তত গড়াক, এটাই সিএবির চাওয়া। জানা গেছে, ইডেনের উইকেটে ছিল ছয় মিলিমিটার ঘাস। যেটি ছেঁটে ফেলা হয়েছে। ম্যাচ শুরুর আগে চার মিলিমিটার ঘাস থাকতে পারে। আবার ঘাসের পরিমাণ আরো কমিয়ে ফেলার সম্ভাবনাও রয়েছে।
ম্যাচ শুরু হবে স্থানীয় সময় দুপুর ১টায়। রোদ থাকবে। সকালের ময়েশ্চার বড়ো সমস্যার কারণ নাও হতে পারে। ব্যাটসম্যানরা ব্যাটিং সহায়ক উইকেট চিন্তা করেই মাঠে নামতে পারবেন। বিকাল ৪টার পর থেকেই আসলে ম্যাচের মূল চ্যালেঞ্জের অংশটা শুরু হবে। রোদ নেমে যাবে। আবহাওয়া ঠান্ডা হবে, কুয়াশার দেখা মিলবে। শিশির জাকিয়ে না বসা পর্যন্ত ব্যাটসম্যানদের স্বস্তি আসবে না। আর গোধূলির সময়টার চ্যালেঞ্জও পাড়ি দিতে হবে ব্যাটসম্যানদের। ঘাস কমিয়ে ফেলার ফলে বলের উজ্জ্বলতা দ্রুত কমে আসবে বলেই ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ শিবির স্পোর্টিং উইকেট ধরেই ম্যাচের পরিকল্পনা করছে। গতকাল সংবাদ সম্মেলনে অধিনায়ক মুমিনুল উইকেট নিয়ে বলেছেন, ‘হয়তো ঘাস থাকার পরও হার্ড উইকেটের জন্য বল ভালোভাবে ব্যাটে আসতে পারে। কিউরেটর স্পোর্টিং উইকেটের কথা বলেছেন, আমার মনের হয় স্পোর্টিং উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো।’
শেষ পর্যন্ত লড়াইটা মূলত ২২ গজে। সেখানে মুমিনুলরা ভালো কিছু করলেই পূর্ণতা পাবে ইডেন টেস্টকে ঘিরে গজিয়ে ওঠা সব আলোচনা।
