ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন পাকিস্তানের করাচিভিত্তিক রাজনৈতিক সংগঠন মুত্তাহিদা কওমি মুভমেন্টের (এমকিউএম) প্রতিষ্ঠাতা আলতাফ হুসেইন। চলতি মাসের প্রথমদিকে লন্ডনের বাড়ি থেকে দেওয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রচারিত এক ভাষণে এ অনুরোধ জানান তিনি। খবর ডন অনলাইনের
নিজের পাশাপাশি সহযোগীদেরও ভারতে রাজনৈতিক আশ্রয় দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। ৯ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রচারিত ভিডিও বার্তায় তিনি বলেন, ‘যদি ভারত ও প্রধানমন্ত্রী মোদি আমাকে ভারতে আসার অনুমতি দেয় ও সহযোগীদেরসহ আমাকে রাজনৈতিক আশ্রয় দেয়, তাহলে আমি তাদের নিয়ে ভারতে আসতে প্রস্তুত; কারণ আমার দাদা-দাদির কবর সেখানে। আমার অনেক আত্মীয়-স্বজনেরও কবর সেখানে। আমি তাদের কবর জিয়ারত করতে চাই।’ ডন জানিয়েছে, বর্তমানে ব্রিটিশ নাগরিক হুসেইন গত ২৭ বছর ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন। সেখানে সহিংসতা উসকে দেওয়ার একটি মামলায় তিনি জামিনে আছেন। যুক্তরাজ্যে তিনি দুইবার গ্রেফতার হয়েছিলেন। প্রথমবার মানি লন্ডারিংয়ের অভিযোগে পরে সহিংসতা উসকে দেওয়ার অভিযোগে।
২০১৬ সালের আগস্টে ‘পাকিস্তান বিরোধী মন্তব্যের কারণে’ তার প্রতিষ্ঠিত দল এমকিউএম-পাকিস্তান তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। তারপর থেকে এমকিউএম-লন্ডন দলের প্রধান হিসেবে আছেন মোহাজের হিসেবে পরিচিত ভারত থেকে পাকিস্তানে যাওয়া মুসলিমদের অন্যতম এ নেতা।
