বন্ড মার্কেট অর্থনৈতিক উন্নয়নের একটি শক্তিশালী মাধ্যম। বিশ্বে যেসব দেশ উন্নত হয়েছে তাদের বন্ড মার্কেট অনেক উন্নত। বাংলাদেশে একটি শক্তিশালী বন্ড মার্কেট গড়ে তুলতে সরকারি পদক্ষেপ জরুরি হয়ে পড়েছে বলে উল্লেখ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান এম খায়রুল হোসেন। তিনি বলেন, আমাদের দেশে বিনিয়োগকারীরা নিজেরাই বিনিয়োগ করেন। পুঁজিবাজারে একা একা বিনিয়োগ করা খুবই ঝুঁকিপূর্ণ। কিন্তু যদি বন্ড থাকত তাহলে ছোটো বিনিয়োগকারীদের ঝুঁকির মাত্রা কমে যেত। কারণ তারা বন্ডে বিনিয়োগ করতে পারত। বন্ড থেকে তারা বছর শেষে একটা ফিক্সড মুনাফা অর্জন করতে পারত, যেটা পুঁজিবাজারে শুধু শেয়ারে সম্ভব নয়। গতকাল আগারগাঁওয়ে বিএসইসির নিজস্ব ভবনে গ্রিন বন্ড নিয়ে আয়োজিত সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। সেমিনারে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম। বাংলাদেশে কীভাবে গ্রিন বন্ড বাজার সৃষ্টি করা যায়—সে বিষয়ে এই সেমিনারের আয়োজন করা হয়েছে। এ সময় খায়রুল হোসেন বলেন, আমাদের দেশে বন্ড মার্কেট একেবারেই উন্নত না। আমাদের জিডিপি যে ৮ শতাংশ হারে বাড়ছে, আমরা যদি বন্ড মার্কেট ডেভেলপ করতে না পারি পাশাপাশি গ্রিন বন্ড ডেভেলপ করতে না পারি, তাহলে আমাদের এই জিডিপি প্রবৃদ্ধির হার থাকবে না। প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সচিব আসাদুল ইসলাম বলেন, বাংলাদেশে পরিবেশের ঝুঁকির মধ্যে আছে। এ অবস্থায় আমাদের পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এর জন্য আমাদের অনেক অনেক টাকা লাগবে। সে টাকা আমাদের জোগাড় করতে হবে। আমরা যদি এই ধরনের টাকা গ্রিন বন্ডের মাধ্যমে জোগাড় করতে পারি তাহলে অবশ্যই সেটা আমাদের জন্য মঙ্গলজনক হবে। এ ধরনের বন্ড প্রচলনের জন্য সরকারের সর্বমহল থেকে সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন।
