সাতক্ষীরায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ২১:৩৯

সাতক্ষীরার আশাশুনি উপজেলার ডুমুরপোতায় এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনের বিরুেদ্ধে।

বৃহস্পতিবার সকালে পুলিশ স্বপ্না রানী মণ্ডল নামের ঐ গৃহবধূর লাশ উদ্ধার করে। এ ঘটনায় স্বামী প্রশান্ত সরকার ও শাশুড়ি সবিতা সরকারকে আটক করেছে পুলিশ। নিহত গৃহবধূ একই উপজেলার খাজরা ইউনিয়নের ফটিকখালী গ্রামের পরিমল মণ্ডলের মেয়ে।

নিহতের চাচা শ্যামল কুমার মণ্ডল জানান, যৌতুকের দাবিতে তার ভাইজি স্বপ্নাকে প্রায়ই নির্যাতন করত তার স্বামী ও শাশুড়ি। বুধবার রাতে তাকে মারপিট করে গুরুতর আহত করে। একপর্যায়ে বৃহস্পতিবার ভোরে সে মারা গেলে মুখে বিষ ঢেলে আত্মহত্যা বলে প্রচার দেয়। স্বপ্নার গায়ে মারপিটের একাধিক চিহ্ন রয়েছে বলে দাবি করেন তিনি।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় স্বামী প্রশান্ত সরকার ও শাশুড়ি সবিতা সরকারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।