বরিশালে করমেলায় আট কোটি ৯০ লাখ টাকা আদায়

আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ২১:৩৯

বরিশাল কর অঞ্চলের আওতায় বিভাগের ছয়টি জেলা সদর ও পাঁচটি উপজেলা সদরে আয়কর মেলায় ৮ কোটি ৯০ লাখ টাকার কর আদায় হয়েছে। বুধবার আয়কর মেলার শেষ দিনে এ তথ্য জানা গেছে।

বরিশাল কর অঞ্চলের উপকর কমিশনার (প্রশাসন) মো. আবুল কালাম আজাদ জানান, মেলার সাত দিনের হিসেব অনুযায়ী বরিশাল কর অঞ্চলে ৮ কোটি ৯০ লাখ ৯৭ হাজার ৫৪ টাকার আয়কর আদায় করা হয়েছে। পাশাপাশি রিটার্ন জমা দিয়েছেন ২৪ হাজার ১০ জন করদাতা। নতুন ই-টিআইএন গ্রহণ করেছেন ৯৫ জন। আর সেবা গ্রহণ করেছেন ৯৩ হাজার ৩১৬ জন।

স্টাফ রিপোর্টার, রংপুর: রংপুরে সাত দিনে ২৫ কোটি টাকার ঊর্ধ্বে আয়কর আদায় হয়েছে। আয়কর মেলায় রিটার্ন দাখিল করেছেন ৩৮ হাজার ১৮ জন। বিগত বছরের চেয়ে এবার প্রায় দেড় কোটি টাকার বেশি কর আদায় হয়েছে। বুধবার সন্ধ্যায় মেলার সমাপনী দিনে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান রংপুর কর অঞ্চলের কর কমিশনার মো. আবদুল লতিফ। তিনি বলেন, রংপুর কর অঞ্চলের মেলায় গত সাত দিনে প্রায় ৮০ হাজার করদাতা সেবা গ্রহণ করেছেন। রিটার্ন দাখিল করেছেন ৩৮ হাজার ১৮ জন। নতুন ই-টিআইএন এর পরিমাণ ১ হাজার ৩৫৮। এবার মেলায় রি-রেজিস্ট্রেশন করেছেন মাত্র ছয় জন। এদিকে মেলায় যারা রিটার্ন দাখিলসহ কর দিতে পারেননি, তাদের জন্য কর অঞ্চল কার্যালয় জেলা পর্যায়ে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত আয়কর দেওয়ার সুযোগ থাকবে বলেও জানানো হয়।