খুলনায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ২১:৪০

খুলনার পল্লিতে আব্দুস সালাম গাজী নামের এক ঘের ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের পূর্ব গজালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ মনিরুল ইসলাম নামের একজনকে গ্রেফতার করেছে। নিহত সালাম গাজী পূর্ব গজালিয়া গ্রামের মৃত মোহর আলীর ছেলে।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক শেখ বলেন, রাতে কে বা কারা আব্দুস সালাম গাজীকে কুপিয়ে হত্যা করে লাশ গজালিয়া গ্রামের রাস্তার ওপর ফেলে রেখে যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতের মাথায় ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় মনিরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

ওসি জানান, বৃহস্পতিবার সকালে নিহত ব্যবসায়ীর ছেলে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো সাত-আট জনকে আসামি করে থানায় হত্যা মামলা করেছেন।