চট্টগ্রামে কলেজছাত্র খুনের মামলায় জামিন নামঞ্জুর করে দুই আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত। আসামিরা হলেন আনিসুর রহমান ও মো. মামুন। তারা জাকির হোসেন সানি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। গতকাল বৃহস্পতিবার মুখ্য মহানগর হাকিম মো. ওসমান গণির আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালত সূত্র জানায়, জাকির হোসেন সানি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আনিসুর রহমান ও মামুন হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হলে গতকাল তারা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আবেদন নামঞ্জুর করে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়।
উল্লেখ্য, গত ২৬ আগস্ট এম ই এস কলেজের সামনে ছুরিকাঘাতে খুন হন জাকির হোসেন সানি। এ ঘটনায় সানির বড়ো বোন মাহমুদা আক্তার বাদী হয়ে সাত জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১২-১৫ জনকে আসামি করে খুলশী থানায় মামলা দায়ের করেন।
