শোনেন শোনেন বন্ধুগণ শোনেন দিয়া মন,
জন্মদিনে চাই উপহার পিঁয়াজ কয়েক মণ।
সোনা এবং পিঁয়াজ এখন এক পাল্লায় ওঠে,
বর্তে যাব ভাগ্যে যদি কিছু পিঁয়াজ জোটে।
ছোটো পিঁয়াজ বড়ো পিঁয়াজ নেই ভেদাভেদ তাতে,
এক টুকরো দামি এখন সালাদ-পান্তাভাতে।
জন্মদিনে খুশির কথা বলতে ইচ্ছা জাগে,
ইলিশ মাছের ভাজা খেতে আস্ত পিঁয়াজ লাগে।
শোনেন শোনেন বন্ধুগণ শোনেন দিয়া মন,
এই পিঁয়াজের গুণের কথা করিবো বর্ণন :
চুল গজাতে কার্যকরি উচ্চরক্ত চাপে,
জন্মদিনের পোলাও জমে পিঁয়াজ বাবুর তাপে।
কিন্তু পিঁয়াজ কোথায় পাব এই দেশে তো নেই,
পালকি চড়ে ঘুরতে গেছে হয়তো প্যারিসেই।
পিঁয়াজ নিয়ে নানান কথা বলছে রসিকজন,
নতুন পিঁয়াজ ফিরলে ঘরে হবে উন্নয়ন।
শোনেন শোনেন বন্ধুগণ শোনেন দিয়া মন,
মজুতদারের ফাঁদে পা দিচ্ছে জনগণ।
জন্মদিনে একটা কথা শোনেন ভাই ও বোন,
পিঁয়াজ ছাড়া পোলাও খেতে রইল নিমন্ত্রণ।
