সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ২১:৫৮

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গতকাল সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে ঢাকা ক্যান্টনমেন্টে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে স্বাধীনতা যুদ্ধে সর্বোচ্চ ত্যাগ স্বীকারকারী সেনাবাহিনীর শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি সকালে শিখা অনির্বাণের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

পরে সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকষ দল রাষ্ট্রপতিকে অভিবাদন জানায়। রাষ্ট্রপতি সেখানে রক্ষিত পরিদর্শক বইয়ে স্বাক্ষর করেন। এর আগে রাষ্ট্রপতি শিখা অনির্বাণে এসে পৌঁছালে তিন বাহিনী প্রধানগণ এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান।

এদিকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে গতকাল দুপুরে বঙ্গভবনে সাক্ষাত্ করেছেন তিন বাহিনীর প্রধানগণ। রাষ্ট্রপতি তিন বাহিনীর প্রধান, সশস্ত্র বাহিনীর সকল সদস্য এবং তাদের পরিবারবর্গকে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন সাংবাদিকদের ব্রিফ করেন।

রাষ্ট্রপতি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গঠিত সশস্ত্র বাহিনী দেশের গর্ব। তিনি বলেন, সশস্ত্র বাহিনীর সদস্যরা ইতিমধ্যেই দেশের নিরাপত্তা নিশ্চিত ও আর্থসামাজিক উন্নয়নে এবং শান্তিরক্ষী মিশনে কার্যকর ভূমিকার মধ্য দিয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। রাষ্ট্রপতি বলেন, সরকার ‘ফোর্সেস গোল-২০৩০’-এর আওতায় তিন বাহিনীর উন্নয়নে কাজ করে যাচ্ছে। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, সশস্ত্র বাহিনীর কল্যাণে সরকারের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 বৈঠকে তিন বাহিনী প্রধানগণ সংশ্লিষ্ট বাহিনী কর্তৃক গৃহীত বিভিন্ন কল্যাণকর কর্মকাণ্ড ও সময়োচিত পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আবু মোজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরী, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাশিহুজ্জামান সেরনিয়াবাত এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন।