চোখের অ্যালার্জি ও প্রতিকার

আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ২২:১১

প্রতি চার জন মানুষের মধ্যে এক জন কোনো না কোনো প্রকার চোখের অ্যালার্জিজনিত সমস্যায় ভুগে থাকেন। এটি খুব সাধারণ অসুখ এবং এটি ছোঁয়াচে নয়। শরীরের এক ধরনের প্রতিরোধ ব্যবস্থার কারণে অ্যালার্জি হয়। এই অ্যালার্জি কোনো খাবার, চোখে ব্যবহূত প্রসাধনী, ধূলাবালি, ফুলের রেণু, ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, পোকা মাকর ইত্যাদি কারণে হতে পারে। চোখে অ্যালার্জি হলে চোখ লাল হওয়া, ফুলে যাওয়া, চোখ থেকে পানি পড়াসহ হাচি, কাশি, সর্দি, শ্বাসকষ্ট, নাক বন্ধ ভাব থাকতে পারে। চোখের অ্যালার্জিজনিত সমস্যা নিমূর্ল করা সম্ভব নয় তবে এটি প্রতিরোধ করা যায়। অ্যালার্জি উদ্রেককারী বস্তু, খাবার বা পরিবেশ থেকে দূরে থাকতে হবে। ময়লা হাতে চোখে হাত দেওয়া যাবে না। চোখে এলার্জি হলে চিকিত্সা নিতে হবে। যাদের চোখে অ্যালার্জি বারবার হয় তারা অনেকেই স্টেরয়েড জাতীয় চোখের ড্রপ ব্যবহার করেন যা চোখের অন্য অসুখ হবার আশঙ্কা বাড়িয়ে দেয়। তাই যাদের চোখে কিছু দিন পর পর অ্যালার্জি হয় তাদের চোখের ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়মিত ওষুধ গ্রহণ করতে হবে। —লেখক: ডা. সঞ্চিতা বর্মন