চট্টগ্রামে ইরফান আহমেদ নামে এক কলেজ ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার নগরীর হালিশহর বড়পুল এলাকায় আড়ং ভবনের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাদ্দাম নামে নিহত ছাত্রের এক বন্ধুকে পুলিশ আটক করেছে। ইরফান নগরীর কাট্টলীর মোস্তফা হাকিম ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। হালিশহর থানার ওসি এস এম ওবায়দুর রহমান জানান, ইরফান ও সাদ্দাম দুই বন্ধু। আগের কোনো বিষয়ে শত্রুতার জের ধরে সাদ্দাম তাকে হত্যার পরিকল্পনা করে। এ জন্য সে একটি ছুরি কেনে। হালিশহর আড়ংয়ের সামনে ইরফানকে দেখার পর সাদ্দাম তাকে ডাক দেয়। সাদ্দাম ও ইরফান প্রথমে কিছুক্ষণ কথা বলে। এরপর কথা কাটাকাটির একপর্যায়ে সাদ্দাম ইরফানকে ছুরিকাঘাত করে। পালিয়ে যাওয়ার সময় লোকজন তাকে ধরে ফেলে।
