ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বের জের ধরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় এক কলেজছাত্রকে খুন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধায় উপজেলার দেওপাড়া ইউনিয়নের কদমশহর মোড়ে এ ঘটনা ঘটে।নিহত কলেজছাত্রের নাম শান্ত (১৮)। সে কদমশহর গ্রামের আবু সাঈদের ছেলে। এ ঘটনায় তার জমজ ভাই স্বপন (১৮) আহত হয়েছেন। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শান্ত পবা উপজেলার দামকুড়া কলেজে একাদশ শ্রেণিতে পড়াশোনা করতো। তার ভাইও একই কলেজে একই শ্রেণিতে পড়েন। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আসাদুল হক বলেন, বিকালে ক্রিকেট খেলা নিয়ে মাঠে শান্ত ও স্বপনের সঙ্গে একই এলাকার আজিবুর রহমানের ছেলে সাজেদুল ইসলাম সাজুর (২৪) কথা কাটাকাটি হয়। খেলা শেষে সন্ধ্যায় সবাই মোড়ে আসে। সেখানে খেলার ওই দ্বন্দের জের ধরে তাদের আবার কথা কাটাকাটি শুরু হয়। এ সময় সাজুর বড় ভাই মাজিদুল ইসলাম মাজু (২৬) এলে সংঘর্ষ শুরু হয়। এই সংঘর্ষের সময় ছুরিকাঘাতে দুই ভাই আহত হন। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে যান। পথে শান্তর মৃত্যু হয়।
