সাভারে নকল প্রসাধনী কারখানায় র্যাবের অভিযান, জরিমানা ৩ লাখ

আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ২৩:৩৩

সাভারে একটি নকল প্রসাধনী তৈরির কারখানার সন্ধান পেয়েছে র্যাব। বিএসটিআইয়ের অনুমোদনবিহীন এই কারখানাটি ১৭ প্রকারের নকল প্রসাধনীসামগ্রী তৈরি ও বাজারজাত করে আসছিল দীর্ঘদিন। র্যাবের ভ্রাম্যমাণ আদালত ওই কারখানাটিতে অভিযান চালিয়ে ৩ লাখ টাকা জরিমানা ও কারখানায় উত্পাদিত বিপুল পরিমাণ নকল প্রসাধনী ধ্বংস করেছে। গতকাল বৃহস্পতিবার র্যাব-৪ (সিপিসি-২) এর কোম্পানি কমান্ডার মেজর শিবলী মোস্তফা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।

গত মঙ্গলবার বিকাল থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত সাভারের দেওগাঁও এলাকার ইয়াফি বিউটি কনসেপ্ট কেয়ার লিমিটেড নামক কারখানাটিতে অভিযান পরিচালনা করেন র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান। এসময় বিএসটিআই ও র্যাব-৪ এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন—ইয়াফি বিউটি কনসেপ্ট কেয়ার লিমিটেড কোম্পানির মালিক গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার মহানেগ গ্রামের মমরেজ মোল্লার ছেলে নাজমুল হক এবং প্রতিষ্ঠানটির ম্যানেজার কুষ্টিয়ার খোকশা থানার নিশ্চিন্তবাড়িয়া গ্রামের আসাদুজ্জামানের ছেলে কুতুব উজ্জামান (৩৭)। নকল পণ্য তৈরি ও বাজারজাতকরণের অভিযোগে মালিক নাজমুল হককে ২ লাখ টাকা ও ম্যানেজার কুতুব উজ্জামানকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করে আদালত।

র্যাব-৪ (সিপিসি-২)-এর কোম্পানি কমান্ডার মেজর শিবলী মোস্তফা জানান, দীর্ঘদিন ধরে ওই কারখানায় অবৈধভাবে ফেসিয়াল, হেয়ার জেল, আফটার সেভ লোশনসহ প্রায় ১৭ প্রকারের নকল প্রসাধনী তৈরি করে আসছিল ইয়াফি বিউটি কনসেপ্ট কেয়ার লিমিটেড নামক প্রতিষ্ঠানটি। জরিমানা ছাড়াও অভিযুক্ত প্রতিষ্ঠান ও নকল প্রশাধনী তৈরির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৩ ও ৫৩ ধারায় মামলা করা হয়েছে।