জাতীয় কবি নজরুল সাহিত্য চর্চা কেন্দ্রিক সংগঠন বাঁশরীর উদ্যোগে ২২ নভেম্বর আজ শুক্রবার শিবালয় উপজেলার নজরুল-প্রমীলা স্মৃতিধন্য তেওতা জমিদার বাড়ি ও একাডেমি মাঠে হাজারো কণ্ঠে ‘ও ভাই-খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি....এ গান গাওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে।
অনুষ্ঠানস্থল পরিদর্শনে আসা সংগঠন সাধারণ সম্পাদক জাকির হোসেন ইত্তেফাককে জানান, কবিপত্নী প্রমীলার জন্মস্থান খ্যাত তেওতা মাঠে আয়োজিত অনুষ্ঠানে সারা দেশের ১২ শতাধিক সদস্য অংশ নেবে। এ সময় স্থানীয় প্রেসক্লাব সভাপতি বাবুল আকতার মঞ্জুর, সাংবাদিক সাইফুল ইসলাম খান, নজরুল গবেষক রফিকুল ইসলাম চৌধুরী, অজয় চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন ।
কর্মসূচি আয়োজনে সহায়ক সংগঠন বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন ব্যবস্থাপক (প্রশাসন) মুশফিক মাহবুব শুভ্র জানান, আলোচনা সভা-নজরুল বইমেলা, সংগীতানুষ্ঠান, বিনোদনসহ কর্মসূচিতে কবি রচিত ঐ গান হাজারো কণ্ঠে গাওয়ার রেকর্ড গড়তে এ আয়োজন করা হয়েছে।
