বরিশালে সড়ক দুর্ঘটনায় পিইসি পরীক্ষার্থী নিহত

আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ২৩:৩৬

মুলাদীতে দুই ইজিবাইকের সংঘর্ষে আহত চাঁদনী গতকাল বৃহস্পতিবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায়। চাঁদনী উপজেলার কাজিরচর ইউনিয়নের উত্তর কাজিরচর গ্রামের চৌকিদার শহীদুল ইসলামের মেয়ে। সে বুধবার পিইসি পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে ইজিবাইকের ধাক্কায় আহত হয়। চাঁদনী কাজিরচর কোলানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

গৌরনদীতে ব্যবসায়ীর মৃত্যু

এদিকে গৌরনদী (বরিশাল) সংবাদদাতা জানান, গৌরনদীতে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাদল খান (৬০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি পৌর সদরের দক্ষিণ পালরদী মহল্লার বাসিন্দা ও গৌরনদী বন্দরের ব্যবসায়ী। বুধবার মহাসড়কের গৌরনদীর মাহিলাড়া রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

গাজীপুরে প্রধান শিক্ষকের মৃত্যু

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা জানান, গাজীপুরে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার নারান্দী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশীদ নিহত হয়েছেন। পাকুন্দিয়া থেকে সিএনজি দিয়ে ঢাকায় যাওয়ার পথে সন্ধ্যা ৬টার দিকে গাজীপুরে বাস-সিএনজি সংঘর্ষে তিনি নিহত হন। নিহত হারুন অর রশীদ উপজেলার নারান্দী ইউনিয়নের চেয়ারম্যান ভিপি শফিকুর ইসলাম শফিকের বড় ভাই ও বীর মুক্তিযোদ্ধা কুতুব আলীর ছেলে।