আকাশ ও জলপথে এসেছে এস আলম গ্রুপের পেঁয়াজ

আপডেট : ২২ নভেম্বর ২০১৯, ০০:০৯

বিমানে আনার জন্য মিশর ও তুরস্কে বুকিং দেওয়া এস আলম গ্রুপের ১ হাজার ৭৫০ টন পেঁয়াজ দেশে আসতে শুরু করেছে। প্যাসেঞ্জার ও কার্গো প্লেনে এসব পেঁয়াজ আসছে। এরইমধ্যে ১০৫-১১০ টন ধারণক্ষমতার ১০টি কার্গো প্লেন বুকিং দেওয়া হয়েছে। এস আলম গ্রুপের মহাব্যবস্থাপক (বাণিজ্যিক) আকতার হাসান জানান, আকাশপথে আমদানি করা ১০৫ টন পেঁয়াজ গতকাল বৃহস্পতিবার রাতে বিসমিল্লাহ এয়ারলাইন্সের (৭৪৭) কার্গো উড়োজাহাজে বিমানবন্দরে পৌঁছেছে। আজ শুক্রবার কায়রো এয়ারের অপর একটি কার্গো প্লেনে ৫৫ টন পেঁয়াজ ঢাকায় পৌঁছবে। তিনি আরো জানান, দেশে চলমান পেঁয়াজ ঘাটতি ও বেশি দামের কারণে মানুষের কষ্টের কথা বিবেচনায় নিয়ে মিশর থেকে বাল্ক ও কনটেইনারের মাধ্যমে সমুদ্রপথে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়। এ সিদ্ধান্ত অনুযায়ী ১১টি এলসিতে ৫৮ হাজার ৫০০ টন পেঁয়াজ আমদানি হচ্ছে। এস আলম গ্রুপের আমদানি করা এসব পেঁয়াজ ট্রেডিং করপোরেশন বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে বাজারজাত করা হচ্ছে। বর্তমানে টিসিবির ট্রাকে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ টাকা।