শ্রীলংকার নতুন প্রেসিডেন্ট গোটাবে রাজাপাকসে তার বড় ভাই মাহিন্দা রাজাপাকসের হাতে প্রধানমন্ত্রিত্বের ভার তুলে দিয়েছেন। বৃহস্পতিবার নতুন প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে দ্বীপরাষ্ট্রটির ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা হল। এবারই প্রথম দুই ভাই একই সময়ে দেশটির শীর্ষ দুই পদে অধিষ্ঠিত হলেন। শ্রীলংকায় প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী পদে দুই ভাইয়ের আরোহণ দেশটির রাজনীতিতে রাজাপাকসে পরিবারের শক্তিশালী পুনরুত্থানেরই ইঙ্গিত। প্রেসিডেন্ট নির্বাচনে দলের পরাজয়কে কারণ দেখিয়ে রনিল বিক্রমাসিংহ প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দিলে মাহিন্দার দৃশ্যপটে আসার পট প্রস্তুত হয়ে যায়। বৃহস্পতিবার কলম্বোতে মাহিন্দার শপথগ্রহণ অনুষ্ঠানে দুই ভাইয়ের স্ত্রী, তাদের ছেলে ও পুত্রবধূরা উপস্থিত ছিলেন।
