ঢাকা, কলকাতা ও দিল্লি। দুই দেশের ৯টি নাটক মঞ্চস্থ হবে রাজধানীর মঞ্চে। পুরো আয়োজনটি হচ্ছে নাট্যদল প্রাঙ্গণেমোরের উদ্যোগে। দলটির ১১তম আয়োজন এটি। এবারের উত্সবের নাম ‘প্রাঙ্গণেমোর দুই বাংলার নাট্যমেলা ২০১৯’।
গত ১৬ বছরে ১০টি নাট্যোত্সব করেছে প্রাঙ্গণেমোর। এবারের এই ১১তম মেলা অনুষ্ঠিত হবে আগামী ৬ থেকে ১৪ ডিসেম্বর।
এই আয়োজনের উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন আসাদুজ্জামান নূর, এমপি। প্রধান অতিথি হিসেবে সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালেদ, এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশস্থ ভারতীয় দূতাবাসের হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাশ ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
প্রাঙ্গণেমোর নাট্যদলের সদস্য সারোয়ার সৈকত বলেন, ‘এবারের আয়োজনটির পরিসর বেশ বড়। এ কারণে বেশ ব্যয়বহুল। ভারতের পশ্চিমবঙ্গ ও দিল্লি থেকে ৪টি এবং বাংলাদেশের ৫টি উল্লেখযোগ্য প্রযোজনার মঞ্চায়ন হবে।’
জানা গেছে, মেলার প্রথমদিনে মঞ্চস্থ হবে ‘আর্ট’ (কলকাতা), ৭ ডিসেম্বর ‘আবৃত্ত’ (কলকাতা), ৮ ডিসেম্বর ‘হাছনজানের রাজা’, ৯ ডিসেম্বর ‘পুলসিরাত’, ১০ ডিসেম্বর ‘জ্যান্ত হ্যামলেট’ (কলকাতা), ১১ ডিসেম্বর ‘কৈবর্তগাথা’, ১২ ডিসেম্বর ‘ময়ূর সিংহাসন’, ১৩ ডিসেম্বর ‘আমরা তিনজন’ ও ১৪ ডিসেম্বর ‘বিসমিল্লাহ’ (দিল্লি)।
এছাড়া ১৩ ডিসেম্বর সকাল ১০টায় ‘থিয়েটারের সঙ্কট দর্শক, না ভালো নাটক’ শিরোনামে মুক্ত আলোচনার আয়োজন করা হয়েছে। এ বিষয়ে ধারণাপত্র পাঠ করবেন হাসান শাহরিয়ার এবং মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন স্বপন রায়, মলয় ভৌমিক, আহমেদ ইকবাল হায়দার, রতন সিদ্দিকী, মোহাম্মদ আলী হায়দার ও রহমান রাজু। সঞ্চালক হিসেবে থাকবেন অনন্ত হিরা।
এছাড়া ‘প্রাঙ্গণেমোর নাট্যযোদ্ধা সহযোদ্ধা সম্মাননা ২০১৯’ প্রদান করবেন নাট্যযোদ্ধা মামুনুর রশীদের সহধর্মিণী গওহর আরা চৌধুরী, নাট্যযোদ্ধা আতাউর রহমানের সহধর্মিণী শাহিদা রহমান এবং নাট্যযোদ্ধা লিয়াকত আলী লাকীর সহধর্মিণী কৃষ্টি হেফাজ।
