ট্রেলার মুক্তির পর থেকেই আলোচনায় স্টার সিনেপ্লেক্সের সিনেমা ‘ন ডরাই’। এরপর একে একে দুটি গান প্রকাশ হয় ইউটিউবে। গানগুলো দেখে অনেক সিনেমাপ্রেমীরা সোশ্যাল মিডিয়ায় প্রশংসা করেছেন। এর মধ্যে জানা গেল, সিনেমাটি ২৯ নভেম্বর মুক্তি পাচ্ছে। কিন্তু এই মুহূর্তে এসে নতুন প্রশ্ন সবার মুখে, এ মাসে মুক্তি পাবে তো? দ্বিধার কারণও আছে। গল্প ও নির্মাণ নিয়ে প্রশংসা করলেও চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত চলচ্চিত্রটির বেশকিছু সংলাপে আপত্তি তুলেছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। বোর্ডের সদস্যরা মঙ্গলবার ছবিটি দেখেছেন। সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান নিজামুল কবীর বলেন, ‘চাঁটগাঁইয়া ভাষায় বেশকিছু সংলাপ অন্য অঞ্চলের মানুষের কাছে আপত্তিকর মনে হতে পারে। বিষয়টি প্রযোজককে অবহিত করা হবে। আশা করি আগামীকালের মধ্যে চিঠি পেয়ে যাবেন। সংলাপগুলো ঠিকঠাক করে আবার আমাদের কাছে ছবিটি জমা দিলে দেখে সিদ্ধান্ত নেবো।’ স্টার সিনেপ্লেক্সের কর্তাব্যক্তি মাহবুব রহমানের প্রযোজনায় ছবিটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। প্রযোজক বলেন, ‘চিঠি পেলে দ্রুত এগুলো সংশোধন করবো। কারণ ২৯ নভেম্বর মুক্তি দেওয়ার পরিকল্পনা আমাদের রয়েছে।’
সিনেমার প্রায় নব্বই শতাংশ দৃশ্যধারণ হয়েছে কক্সবাজারে। চলতি বছরের শুরুর দিকে ছবিটির শুটিং শেষ হয়। সিনেমাতে থাকবে চট্টগ্রামের ভাষা। চট্টগ্রামের ভাষা সহজবোধ্য না হলেও সবাই যেন তা বুঝতে পারে সেভাবেই ভাষাটির ব্যবহার করা হয়েছে। এ সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, সুনেরা বিনতে কামাল প্রমুখ।
