নতুন লুক আর নতুন গানে তাহসান

আপডেট : ২২ নভেম্বর ২০১৯, ১৯:৫৮

নিউইয়র্কে নতুন লুক প্রকাশ করার আগে একটি নতুন গান রিলিজ হয় কণ্ঠশিল্পী তাহসানের। গালভর্তি দাড়িসমেত যখন তিনি গানটির লঞ্চিংয়ে এসেছিলেন তখন অনেকেই ভেবেছিলেন সাম্প্রতিক বিব্রতকর কোনো পরিস্থিতির কারণেই এই লুক হয়েছে। এ নিয়ে প্রশ্ন করতেই তাহসান বলেন, ‘এখনই কিছু বলবো না, তবে চমক আছে।’

অনুষ্ঠান শেষে ঢাকা থেকে নিউইয়র্কে উড়াল দিয়েই নতুন লুক প্রকাশ করে জানান দিলেন মোস্তফা সরয়ার ফারুকীর নতুন ছবি ‘নো ল্যান্ডস ম্যান’-এ নওয়াজউদ্দিন সিদ্দিকীর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তাহসান। এটি তাহসানের দ্বিতীয় চলচ্চিত্র। আর বাংলাদেশি কোনো চলচ্চিত্রকারের প্রথম ইংরেজি চলচ্চিত্র হতে যাচ্ছে নো ল্যান্ডস ম্যান। একটি ইতিহাসের স্বাক্ষী হচ্ছেন তিনি। এদিকে ঢাকায় তার নতুন গান ‘আনমনে’র একটি মিউজিক ভিডিও মুক্তি পায় সিলভার স্ক্রিনের ব্যানারে। গানটির প্রযোজক শাহীন কবির বলেন, ‘দীর্ঘদিন ধরেই আমাদের প্রডাকশনের ব্যানারে নতুন একটি গানের মিউজিক ভিডিও রিলিজের কথা ছিল। সেই হিসেবে তাহসান ও মালাকে নিয়ে তৈরি এই গানটি রেকর্ড হয়। এর পরবর্তীতে আমরা গ্র্যান্ড লঞ্চিংয়ের সিদ্ধান্ত নিই। তবে আমি মনে করি অভিনয়ের পাশাপাশি গানকেও আরো বেশি গুরুত্ব দিয়ে সময় দেওয়া উচিত তাহসানের। আমি ব্যক্তিগতভাবে গায়ক তাহসানের ভীষণ ভক্ত। আর আমরা খুবই খুশি সিলভার স্ক্রিনের এই পথচলায় তাহসানকে সঙ্গে পেয়ে।’ এদিন কেক কেটে গানটির লঞ্চিংয়ে তাহসান থাকলেও অস্ট্রেলিয়া প্রবাসী শিল্পী মালা অনুষ্ঠানে থাকতে পারেননি। তাহসানের সঙ্গে ডুয়েট গান গাওয়া প্রসঙ্গে মালা বলেন, ‘আমার খুব ভালোলাগার শিল্পী তাহসান। একসঙ্গে কাজ করার ভীষণ ইচ্ছে ছিল। অবশেষে গানটি রিলিজ পেল। তাহসানের মতো ভার্সেটাইল তারকারা আরো বেশি কাজ করলে এই ইন্ডাস্ট্রি সমৃদ্ধ হবে।’

আনমনে গানের লঞ্চিংয়ে গণমাধ্যম কর্মীরা তাহসানকে ঘিরে ধরে রাখেন তার ব্যক্তিগত প্রেম বা আবারো বিয়ে করবেন কবে’সহ নানা প্রসঙ্গে। কিন্তু দারুণভাবেই প্রশ্নগুলো এড়িয়ে যান তিনি। আনমনে গানটির কম্পোজিশন করেছেন শাকেরা রাজা। গানটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু।