বরিশালে অসহায় কলা বিক্রেতাকে অর্থ ও ভ্যানগাড়ি প্রদান

আপডেট : ২২ নভেম্বর ২০১৯, ২১:০৭

বরিশালে ষাটোর্ধ্ব অসহায় কলা বিক্রেতার পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসক (ডিসি) ও মহিলা পরিষদের নেতৃবৃন্দ।

বৃদ্ধ কলা বিক্রেতা লিয়াকত নগরীর পলাশপুর এলাকার বাসিন্দা। তিনি হেঁটে কলা বিক্রি করে স্ত্রীসহ জীবনযাপন করেন। বিষয়টি মহিলা পরিষদের নেতৃবৃন্দ জেলা প্রশাসককে অবহিত করলে বৃদ্ধ কলা বিক্রেতাকে সহায়তার সিদ্ধান্ত হয়। সে লক্ষ্যে শুক্রবার মহিলা পরিষদের পক্ষ থেকে তাকে একটি ভ্যানগাড়ি ও জেলা প্রশাসক কলা বিক্রির পুঁজি স্বরূপ পাঁচ হাজার টাকা প্রদান করেন।

জেলা প্রশাসক এস, এম অজিয়র রহমান বলেন, শুক্রবার বৃদ্ধ কলা বিক্রেতা লিয়াকতের হাতে পাঁচ হাজার টাকা তুলে দেওয়া হয়। এবং মহিলা পরিষদের পক্ষ থেকে তাকে ভ্যানগাড়ি প্রদান করা হয়েছে।

এ সময় জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা সাজ্জাদ পারভেজ, মহিলা পরিষদের সভাপতি রাবেয়া খাতুনসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।