রাজশাহী শিল্পকলা একাডেমির কর্মচারী শহীদুল ইসলামকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার অর্থ আত্মসাতের অভিযোগে নগরীর ভেড়িপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
দুদক রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক জাহাঙ্গীর আলম বলেন, শহীদুল ইসলামকে আদালতে সোপর্দ করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের অনুমোদনক্রমে সহকারী পরিচালক আল-আমিন বাদী হয়ে রাজপাড়া থানায় শহীদুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
জাহাঙ্গীর আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, শহীদুল ইসলাম অসত্ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অপরাধমূলক অসদাচরণ ও বিশ্বাসভঙ্গ করে নিজে লাভবান হয়ে জেলা শিল্পকলা একাডেমি, রাজশাহীর মিলনায়তন ভাড়া বাবদ ১২টি প্রতিষ্ঠানের কাছ হতে আদায়কৃত টাকা, মিলনায়তন ভাড়া বাবদ ৮টি প্রতিষ্ঠানের কাছ হতে আদায়কৃত প্রকৃত অর্থের পরিমাণ গোপন করেন। এছাড়াও কম ভাড়া দেখিয়ে এবং জাল জালিয়াতি করে মিথ্যা হিসাব লিপিবদ্ধের মাধ্যমে মিলনায়তন ভাড়া বাবদ ৭০টি প্রতিষ্ঠানের কাছ হতে আদায়কৃত অর্থ সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে জমা না করে নিজে আত্মসাত্ করেন।
