বিনা টিকিটে ট্রেন ভ্রমণ

চট্টগ্রামে ১৪৬ যাত্রীর জরিমানা

আপডেট : ২২ নভেম্বর ২০১৯, ২১:১০

মহানগর গোধূলী ও সোনার বাংলাসহ বিভিন্ন ট্রেনে বিনা টিকিটে ভ্রমণের দায়ে ১৪৬ যাত্রীর কাছ থেকে ভাড়াসহ প্রায় ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এর মধ্যে ভাড়া বাবদ ৪৩ হাজার ৭৪৫ টাকা এবং জরিমানা বাবদ ৪০ হাজার ৫৭৫ টাকা আদায় করা হয়।

রেল কর্মকর্তারা জানান, বিনা টিকিটে ভ্রমণের প্রবণতা রোধ করতে ট্রেনে টিকিট চেকিং জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে বুধবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া পাঁচটি ট্রেনে যাত্রীদের টিকিট চেক করা হয়। মহানগর গোধূলীতে ৬৬ জন যাত্রী বিনা টিকিটে ভ্রমণ করায় ভাড়া বাবদ ১০ হাজার ৫০ টাকা ও জরিমানা করা হয় ৭ হাজার ২৬০ টাকা। একইভাবে সোনার বাংলা এক্সপ্রেসে ২৯ জন যাত্রীর কাছ থেকে ভাড়া ১১ হাজার ২৭০ টাকা ও জরিমানা ১১ হাজার ২৭০ টাকা আদায় করা হয়।

এছাড়া ৭০২ নম্বর ট্রেনের ৫১ জন যাত্রীর কাছ থেকে ভাড়া বাবদ ১৯ হাজার ২৫৫ টাকা ও জরিমানা আদায় করা হয় ১৯ হাজার ২৫৫ টাকা, ৭২০ নম্বর ট্রেন থেকে ভাড়া বাবদ ২ হাজার ৭০ টাকা ও জরিমানা ৮১০ টাকা, ৭২১ নম্বর ট্রেন থেকে ১ হাজার ১০০ টাকা ভাড়া ও ১ হাজার ৯৮০ টাকা জরিমানা আদায় করা হয়।