জাটকা বিক্রির দায়ে ছয় জেলের দণ্ড
বরিশাল অফিস বরিশালে জাটকা বিক্রির অভিযোগে শুক্রবার ছয়জন জেলেকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদি হাসান পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেয়। পরে দণ্ডিত জেলেদের কারাগারে পাঠানো হয়েছে। মত্স্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস জানান, নগরী সংলগ্ন কীর্তনখোলা নদীতে অভিযান চালিয়ে ২৫ মণ জাটকা জব্দ এবং ছয় জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে ঐ দণ্ড দেওয়া হয়।
বামনায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
বামনা (বরগুনা) সংবাদদাতা বামনায় শুক্রবার সকালে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে হচ্ছে উপজেলার সদর ইউনিয়নের কলাগাছিয়া গ্রামের সরকারি আবাসনে বসবাসকারী মো. ছোহরাব হোসেনের ছেলে মো. জাকির হোসেন (২৮)। নিহতের বাবা বলেন, বৃহস্পতিবার রাতে জাকির ঘর থেকে বের হয়ে যায়। এরপর আরে ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। পরদিন বেড়িবাঁধের পাশে বটগাছে তার ঝুলে থাকার কথা শুনে ঘটনাস্থলে যাই। বামনা থানার ওসি মো. মাসুদুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছের সঙ্গে ঝুলন্ত লাশ উদ্ধার করে বরগুনা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ
নড়াইল প্রতিনিধি নড়াইলে পেঁয়াজ, চালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে, কৃষকের কাছ থেকে ধান ক্রয় ও খেটে খাওয়া শ্রমজীবী মানুষের ৬০ বছর বয়স হলেই পেনশনের দাবিতে শুক্রবার দুপুরে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মানববন্ধন এবং সমাবেশ করেছে। নড়াইল শহরের চৌরাস্তায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, নড়াইল সদর উপজেলা শাখার আয়োজনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন নড়াইল জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, নড়াইল সদর উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি শাহাজান মৃধা, সাধারণ সম্পাদক স্বপ্না সেন, আব্দুল কুদ্দুস সুমন প্রমুখ।
সুবিধাবঞ্চিত অসহায় গরিবদের মধ্যে কম্বল বিতরণ
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা আখাউড়ায় সুবিধাবঞ্চিত অসহায় গরিবদের মধ্যে শুক্রবার কম্বল বিতরণ করা হয়েছে। পৌর শহরের দেবগ্রাম এলাকায় ওয়ার্ক ফর ইসমাইল সংগঠনের আয়োজনে ২৫০ জন সুবিধাবঞ্চিত অসহায় গরিবের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবগ্রাম ওয়ার্ক ফর ইসমাইল সংগঠনের প্রতিষ্ঠাতা জার্মান প্রবাসী মো. হামিদুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সংরক্ষিত সদস্য সৈয়দা নাখলু আক্তার, উপজেলা কৃষক লীগের সভাপতি মো. শফিকুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মঞ্জুয়ারা বেগম প্রমুখ।
৩ হাজার দরিদ্রের মধ্যে কম্বল বিতরণ
সিংড়া (নাটোর) সংবাদদাতা সিংড়ায় ৩ হাজার দরিদ্র, হতদরিদ্র ও দুস্থ মানুষের মধ্যে শুক্রবার কম্বল বিতরণ করা হয়েছে। হুয়াওয়ে সিনিয়র সিটিজেন (বাংলাদেশ) লি. এর আওতায় সিংড়া উপজেলা গোডাউন চত্বরে এ কম্বল বিতরণের আয়োজন করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপি। প্রধান বক্তা ছিলেন হুয়াওয়ে সিনিয়র সিটিজেন বাংলাদেশ লি. এর প্রধান নির্বাহী কর্মকর্তা ঝাং জেন জুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস প্রমুখ।
ধান সংগ্রহ অভিযান উদ্বোধন
রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা রাণীনগরে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ অভিযান বৃহস্পতিবার বিকালে উদ্বোধন করা হয়েছে। উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গণে খাদ্য বিভাগ আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য মো. ইসরাফিল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল। আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সিরাজুল ইসলাম সরকার প্রমুখ।
পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ২৪ নভেম্বর
পাইকগাছা (খুলনা) সংবাদদাতা পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন একদিন পিছিয়ে আগামীকাল ২৪ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রীয় নেতাদের নির্দেশনায় একদিন পেছানো হয়েছে বলে স্থানীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু নিশ্চিত করেছেন। এদিকে সম্মেলন সফল করতে ইতিমধ্যে জেলা পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মীরা মতবিনিময় করেছেন উপজেলা পর্যায়ের নেতাদের সঙ্গে। হয়েছে একাধিক দলীয় বর্ধিত সভা।
নবীনগর প্রেসক্লাবের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা নবীনগর প্রেসক্লাবের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার প্রেসক্লাব চত্বর বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি মাহাবুব আলম লিটনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম। বক্তব্য রাখেন আবু কালাম খন্দকার, আজিজুল ইসলাম বাচ্চু, তাজুল ইসলাম চৌধুরী, আসাদুজ্জামান কল্লোল, আরিফুল ইসলাম মিনাজ প্রমুখ।
পূজা উদ্যাপন পরিষদ রংপুর জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন
স্টাফ রিপোর্টার, রংপুর বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ রংপুর জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মিলন কান্তি দত্ত। প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্মল চ্যাটার্জি। বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ রংপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি অজয় প্রসাদ বাবনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, বিভাগীয় যুগ্ম সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র দেবনাথ, দপ্তর সম্পাদক বিপ্লব কুমার দে ও সহমহিলা বিষয়ক সম্পাদক রত্না ঘোষ।
বিএনপির ইউনিয়ন কমিটি পুনর্গঠনের লক্ষ্যে মতবিনিময়
মান্দা (নওগাঁ) সংবাদদাতা মান্দায় বিএনপির ইউনিয়ন কমিটি পুনর্গঠনের লক্ষ্যে শুক্রবার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী। সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সামসুল আলম প্রামানিক। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ কে এম নাজমুল হক নাজু, তোফাজ্জল হোসেন টুকু ও মোজাম্মেল হক মুকুল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. ইকরামুল বারী টিপু প্রমুখ।
রাজৈরে শীতবস্ত্র বিতরণ
টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা রাজৈরের সাতপাড় গ্রামে শুক্রবার সকালে বৃদ্ধ-বৃদ্ধাদের মধ্যে শীতবস্ত্র ও খাবার এবং যাতায়াত ভাতা বিতরণ করা হয়েছে। ডা. ললিত চন্দ্র মজুমদারের মৃত বাবা ও মায়ের স্মরণে মজুমদার যুব সংঘের আয়োজনে এবং রামকান্ত মজুমদারের সভাপতিত্বে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান সিরাজুল হক মোল্যা, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক অরবিন্দ মন্ডল, প্রেসক্লাবের সভাপতি খোন্দকার আবদুল মতিন প্রমুখ।
সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন
ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা ত্রিশালে বৃহস্পতিবার বিকালে সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড নওধার নদীর পাড় এলাকার মোস্তাক হাসান সড়ক থেকে মোহাম্মদ আলী মেম্বার বাড়ি পর্যন্ত সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করেন ত্রিশাল পৌরসভার মেয়র এ বি এম আনিসুজ্জামান আনিছ। এ সময় ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর দুলাল মন্ডল দুলুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি সভা
আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা আওয়ামী লীগের জাতীয় সম্মেলনকে সামনে রেখে আগামী ২৯ নভেম্বর আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন সফল করতে শুক্রবার দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। সম্মেলন সফল করতে প্রস্তুতি সভায় নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন। আরো বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি সাইদুল সরদার, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ সিকদার ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির পাইক।
ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস পালিত
ইবি (কুষ্টিয়া) সংবাদদাতা বর্ণাঢ্য আয়োজনে শুক্রবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ৪১তম বিশ্ববিদ্যালয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. রাশিদ আসকারী এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন প্রোভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান। পরে আনন্দ শোভাযাত্রা শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা, আবাসিক হলের প্রভোস্ট, ডিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী।
বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন
গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা গলাচিপা উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন শুক্রবার স্থানীয় অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের প্রথম অধিবেশন উদ্বোধন করেন কেন্দ্রীয় কমিটির তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. আফজাল হোসেন। প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া এমপি। বিশেষ অতিথি ছিলেন গলাচিপা-দশমিনা আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা, সহসভাপতি কাশীনাথ দত্ত প্রমুখ। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা কাজী আলমগীর হোসেন। সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ দে।
মনোহরদী (নরসিংদী) সংবাদদাতা: মনোহরদী উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মু. ফজলুল হক। প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি। সম্মেলন উদ্বোধন করেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম হীরু এমপি। বিশেষ অতিথি ছিলেন জহিরুল হক মোহন এমপি, আনোয়ারুল আশরাফ দীলিপ এমপি, নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভূইয়া প্রমুখ। পরে সর্বসম্মতিক্রমে অ্যাডভোকেট মু. ফজলুল হককে সভাপতি ও প্রিয়াশীষ রায়কে সাধারণ সম্পাদক করা হয়।
মান্দা (নওগাঁ) সংবাদদাতা: মান্দার কালিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। চকরঘুনাথ উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলন উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোল্লা এমদাদুল হক। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার জসিমউদ্দিন। সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন কালিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সন্তোষ কুমার প্রামানিক। বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহিন মনোয়ারা হক, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ব্রহানী সুলতান গামা প্রমুখ। শেষে সর্বসম্মতিক্রমে মজিবর রহমানকে সভাপতি ও প্রভাষক আবদুর রাজ্জাককে সাধারণ সম্পাদক করে কালিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক কমিটি গঠন করা হয়।
বগুড়ায় বাসদের মানববন্ধন সমাবেশ
স্টাফ রিপোর্টার, বগুড়া পেঁয়াজ, চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো এবং অসাধু সিন্ডিকেট ব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করাসহ তিন দফা দাবিতে শুক্রবার মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বগুড়া জেলা শাখা। বাসদ বগুড়া জেলা আহ্বায়ক অ্যাড. সাইফুল ইসলাম পল্টুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ বগুড়া জেলা সদস্য সচিব সাইফুজ্জামান টুটুল, জেলা সদস্য মাসুদ পারভেজ, দিলরুবা নুরী, রাধা রানী বর্মন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বগুড়া জেলা সভাপতি ধনঞ্জয় বর্মন প্রমুখ।
