তিন বছরে মোদির বিদেশ সফরে বিমানের খরচ ২৫৫ কোটি রুপি

আপডেট : ২২ নভেম্বর ২০১৯, ২১:২২

‘এনআরআই প্রধানমন্ত্রী’ বলে মাঝেমধ্যেই খোঁচা শুনতে হয় বিরোধীদের কাছ থেকে। ভারতের সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গত তিন বছরের বিদেশ সফরে শুধু চার্টার্ড বিমানের খরচই হয়েছে ২৫৫ কোটির বেশি। এর সঙ্গে রয়েছে হটলাইন ও অন্যান্য খরচের বহর। রাজ্যসভায় এ তথ্য দিয়েছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি মুরলিধরন বৃহস্পতিবার রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে বলেন, ২০১৬-১৭ সালে মোদির চার্টার্ড বিমানের ভাড়া বাবদ খরচ হয়েছে ৭৬ কোটি ২৭ লাখ রুপি। ২০১৭-১৮ সালে সেই অঙ্ক বেড়ে দাঁড়ায় ৯৯ কোটি ৩২ লাখে। ২০১৮-১৯ সালে গুনতে হয়েছে ৭৯ কোটি ৯১ লাখ রুপি। সব মিলিয়ে খরচ প্রায় ২৫৫ কোটি রুপি। অন্যদিকে হটলাইনের জন্য ২০১৬-১৭ সালে খরচ হয়েছে ২ কোটি ২৪ লাখ ৭৫ হাজার ৪৫১ রুপি এবং ২০১৭-১৮ সালে ৫৮ লাখ ৬ হাজার ৬৩০ রুপি।  রাজ্যসভায় মুরলিধরন বলেন, ‘ভারত সরকারের নিয়ম অনুযায়ী, সরকারি সফরে ভারতীয় বিমান বাহিনীর হেলিকপ্টার বা চার্টার্ড বিমানযাত্রার খরচ প্রধানমন্ত্রীকে দিতে হয় না।’

কিন্তু যারা মোদির বিদেশ সফর নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা করেন, সেই কংগ্রেসের নেতৃত্বে ইউপিএ জমানায় তত্কালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বিদেশ সফরের জন্য কেমন খরচ হয়েছিল? বিদেশ সফরের সংখ্যা ও খরচ দুই দিক থেকেই মনমোহনকে টেক্কা দিয়েছেন মোদি। ২০১৮ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, দ্বিতীয় ইউপিএ জমানায় ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত মনমোহন সিং ৩৮টি বিদেশ সফর করেছিলেন, যার জন্য খরচ ছিল ১ হাজার ৩৪৬ কোটি রুপি। আর ২০১৪ থেকে ২০১৮ সালের ডিসেম্বর মাস পর্যন্ত মোদির বিদেশ সফরের সংখ্যা ৪৮। খরচ ২ হাজার ২১ কোটি রপি। খবর আনন্দবাজার পত্রিকার