শিরোপার আশায় আছেন শান্তরা

আপডেট : ২২ নভেম্বর ২০১৯, ২১:৩৪

এর আগেও একাধিক বার বাংলাদেশ এমার্জিং দল এই টুর্নামেন্টটির নকআউট পর্বে খেলেছে। কিন্তু ফাইনাল আগে খেলা হয়নি। অবশেষে দেশের মাটির এই টুর্নামেন্টে আজ ফাইনাল খেলতে নামবে তারা পাকিস্তানের বিপক্ষে। আর আজই এই টুর্নামেন্টে নিজেদের প্রথম শিরোপা জেতার ব্যাপারে আশাবাদী অধিনায়ক নাজমুল হাসান শান্ত।

এই আশাবাদ নিয়ে আজ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সকাল ৯টা থেকে পাকিস্তান দলের মুখোমুখি হবে বাংলাদেশ। পাকিস্তান সেমিফাইনালে ভারতকে হারিয়ে এসেছে। আর বাংলাদেশ সেমিফাইনালে হারিয়েছে আফগানিস্তানকে।

এমার্জিং দলের অধিনায়ক শান্ত বলছিলেন, এই টুর্নামেন্ট তারা শুরুই করেছিলেন চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে। এখন সেই লক্ষ্যপূরণ নিয়েই ভাবছেন, ‘আমরা খুবই আশাবাদী। এই টুর্নামেন্টটা নিজেদের মাটিতে আমরা শুরু করেছিলাম চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে। প্রথমবারের মতো ফাইনালে উঠে সেই লক্ষ্যের কাছে এসেছি আমরা। এখন আর একটা ধাপ বাকি। আমাদের টিম যেরকম খেলছে, সেই স্বাভাবিক খেলাটা খেলতে পারলে আমরা ট্রফির আশা করতেই পারি।’

শান্ত মনে করছেন, তার দলটা যেমন ছন্দে থাকার দরকার ছিল ফাইনালের আগে, তেমন অবস্থাতেই আছে। ফলে তিনি আশাবাদী হওয়ার আরো কারণ খুঁজে পাচ্ছেন, ‘আমাদের সবচেয়ে ভালো হচ্ছে, পুরো দলটা দারুণ ফরমে আছে। টপ অর্ডার ও মিডল অর্ডারের সবাই রান পাচ্ছে। একজন না পারলে আরেক জন এসে রান করছে। বোলারদের ক্ষেত্রেও ব্যাপারটা সত্যি। সুমন প্রথম কয়েকটা ম্যাচ খুব ভালো করেছে। এরপর অন্যরা পারফরম করেছে। আশা করি ফাইনালেও সবাই নিজের সেরাটা দিতে পারবে।’

বাংলাদেশ এই টুর্নামেন্টে এখন পর্যন্ত শক্ত কোনো চ্যালেঞ্জের মুখে পড়েনি। তাই খেলোয়াড়দের অতি আত্মবিশ্বাসী হয়ে যাওয়ার একটা ভয় থাকে। কিন্তু অধিনায়ক বলছিলেন, এরকম কোনো ভয় তিনি দেখছেন না, ‘না, আত্মতৃপ্ত হওয়ার প্রশ্নই আসে না। আমরা এই ম্যাচটার গুরুত্ব জানি। আমরা পুরো টুর্নামেন্ট জুড়ে সবাই যার যার স্বাভাবিক খেলা খেলেছি। আর সেটা খেলে সাফল্যও পেয়েছি। আমরা সেটাই করতে চাই আগামীকাল (আজ)।’

শান্ত খুব সমীহই করছেন পাকিস্তান দলকে। তিনি বলছিলেন, ‘পাকিস্তান দলটা খুব ভালো দল। ওদের কয়েকজন খুব ভালো ফাস্ট বোলার আছে। আমরা ওদের খুব গুরুত্ব দিচ্ছি। এই দলটাকে নিয়ে আমাদের আলাদা আলাদা পরিকল্পনা আছে। সেটা মাঠে করার অপেক্ষায় আছি আমরা।’

বাংলাদেশের এই এমার্জিং দলটাই হয়তো এসএ গেমসে যাবে। সেটা আনুষ্ঠানিকভাবে ঠিক না হলেও বড়ো সেই উপলক্ষ্যের আগে এই টুর্নামেন্টের ফল প্রেরণা হবে বলে শান্ত মনে করেন, ‘আমি এখনো জানি না, আমরাই এসএ গেমসে যাব কি না। যদি যাই, ওটা অনেক বড়ো একটা সম্মানের ব্যাপার। দেশের প্রতিনিধিত্ব করতে হবে। সে ক্ষেত্রে এই টুর্নামেন্টের পারফরম্যান্স আমাদের জন্য প্রেরণা হবে।’