ব্রিসবেনে ওয়ার্নার-শো

আপডেট : ২২ নভেম্বর ২০১৯, ২১:৩৪

অ্যাশেজটা ভালো কাটেনি। একাদশে তো বটেই, দলেও জায়গা নিয়ে উঠেছিল প্রশ্ন। সমালোচনার জবাব দেওয়ার জন্য দেশের মাটিটাকেই বেছে নিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে আগেই জমকালো পারফরম্যান্স দেখিয়েছেন। সেই সুবাদে জায়গা ধরে রেখেছিলেন টেস্ট দলেও। এবার পাকিস্তানের বিপক্ষে ব্রিসবেনে আবারও নিজেকে অপরিহার্য বলেই প্রমাণ করলেন ওয়ার্নার।

এই ওপেনারের দুর্দান্ত সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে ব্রিসবেন টেস্টের দ্বিতীয় দিন শেষে চালকের আসনে বসেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে পাকিস্তানের ২৪০ রানের জবাবে গতকাল দ্বিতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১ উইকেটে ৩১২ রান। ৯ উইকেট হাতে নিয়ে ৭২ রানে এগিয়ে টিম পেইনের দল।

ওয়ার্নার কেবল সেঞ্চুরি করেই থেমে যাননি। গোটা দিন উইকেটে থেকে নিজের ও দলের রানের চাকা চালু রেখেছেন। ১৫১ রানে অপরাজিত আছেন ওয়ার্নার। আজ তৃতীয় দিন ডাবল সেঞ্চুরির স্বপ্ন নিয়ে মাঠে নামবেন তিনি।

সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনই অলআউট হয় পাকিস্তান। দ্বিতীয় দিন নিজেদের ইনিংস শুরু করে অস্ট্রেলিয়া। দুই ওপেনার ওয়ার্নার ও ররি বার্নস অস্ট্রেলিয়াকে ২২২ রানের উড়ন্ত সূচনা এনে দেন। পাকিস্তানের বিপক্ষে উদ্বোধনী জুটিতে এটি দ্বিতীয় সর্বোচ্চ রান। জুটিতে ৯৭ রান অবদান রেখে আউট হন বার্নস। তার ১৬৬ বলের ইনিংসে ১০টি চার ছিল। তবে ৮০ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ২২তম সেঞ্চুরি তুলে নেন ওয়ার্নার। ২০১৮ সালে বল টেম্পারিং-এর কারণে নিষিদ্ধ হবার পর টেস্টে প্রথম সেঞ্চুরি করলেন ওয়ার্নার। দিন শেষে ১০টি চারে ২৬৫ বলে ১৫১ রানে অপরাজিত থাকেন ওয়ার্নার। তার সঙ্গী মার্নাস লাবুশেন ৫৫ রানে অপরাজিত। পাকিস্তানের স্পিনার ইয়াসির শাহ ১টি উইকেট নেন।

পাকিস্তানি বোলারদের মধ্যে সবচেয়ে বেশি নজর ছিল তরুণ পেসার নাসিম শাহর দিকে। যদিও, প্রথম দেখায় তিনি মুগ্ধ করতে পারেননি। ১৬ ওভার বোলিং করে ৬৫ রান দিয়ে তিনি ছিলেন উইকেট শূন্য।

এই টেস্ট দিয়ে ১৬ বছর ২৭৯ দিনে অভিষেক ঘটল পাকিস্তানে ডানহাতি পেসার নাসিম শাহর। বিশ্বের নবম সর্বকনিষ্ঠ টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হলো তার। আর পেসারদের মধ্যে চতুর্থ সর্বকনিষ্ঠ। এই তালিকায় শীর্ষ ১০ জনের মধ্যে বাংলাদেশের তিন ক্রিকেটার—মোহাম্মদ শরীফ, তালহা জুবায়ের ও এনামুল হক জুনিয়রও আছেন। তালিকার শীর্ষে রয়েছেন পাকিস্তানের হাসান রাজা। ১৯৯৬ সালে ফয়সালাবাদে জিম্বাবুয়ের বিপক্ষে ১৪ বছর ২২৭ দিনে টেস্ট অভিষেক হয়েছিল রাজার।

সংক্ষিপ্ত স্কোর :

পাকিস্তান : ২৪০/১০, ৮৬.২ ওভার (শফিক ৭৬, রিজওয়ান ৩৭, স্টার্ক ৪/৫২)।

অস্ট্রেলিয়া : ৩১২/১, ৮৭ ওভার (ওয়ার্নার ১৫১*, বার্নস ৯৭, লাবুশানে ৫৫*, ইয়াসির ১/১০১)।