ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ১৩তম সমাবর্তনে যোগ দিতে গতকাল শুক্রবার রাতে ঢাকা এসে পৌঁছেছেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন। আজ শনিবার রাজধানীর আর্মি স্টেডিয়ামে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে বক্তব্য দেবেন তিনি। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এই তথ্য জানান। জাতিসংঘের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন শেষে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সফরে এসেছেন বান কি মুন। এর আগে গত জুলাইয়ে তিনি ঢাকায় অনুষ্ঠিত ‘ঢাকা মিটিং অব দ্য গ্লোবাল কমিশন অন অ্যাডাপটেশন’-এ যোগ দিয়েছিলেন। বতর্মানে তিনি জলবায়ু দূষণ রোধে বিশেষ ক্ষমতাধর ‘দ্য গ্লোবাল কমিশন অন অ্যাডাপটেশন’-এর কো-চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।
ঢাকায় অবস্থানকালে আজ তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন। আব্দুল মোমেন নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন বান কি মুন। আজ সন্ধ্যায় তিনি ঢাকা ত্যাগ করবেন বলে জানা গেছে।
