ইডেনে গোলাপি বলের টেস্ট ম্যাচ উদ্বোধন

আবারও বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অংশ হলেন প্রধানমন্ত্রী

আপডেট : ২২ নভেম্বর ২০১৯, ২১:৫৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কলকাতার ইডেন গার্ডেনে বাংলাদেশের প্রথম দিবারাত্রির টেস্ট ম্যাচটি উপভোগ করে আবারও বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অংশ হলেন। শেখ হাসিনা বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজের দিবারাত্রির এই দ্বিতীয় টেস্ট ম্যাচটি দেখতে গতকাল শুক্রবার সকালেই ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা আসেন। গোলাপি বলে প্রথমবারের মতো অনুষ্ঠিত এই ঐতিহাসিক টেস্ট ম্যাচ স্থানীয় সময় দুপুর ১টায় ইডেন গার্ডেনে শুরু হয়।

২০০০ সালের নভেম্বরে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে বাংলাদেশ ক্রিকেট দল প্রথম টেস্ট ম্যাচ খেলে। সে সময় বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাই ঐতিহাসিক সেই টেস্ট ম্যাচের উদ্বোধন করেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বর্তমান সভাপতি সৌরভ গাঙ্গুলি সে সময় ভারতীয় ক্রিকেট দলের নেতৃত্ব দেন। অন্যদিকে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে স্থানীয় সময় বেলা ১২টা ৫৫ মিনিটে ইডেন গার্ডেনে ঘণ্টা বাজিয়ে ঐতিহাসিক গোলাপি বলের প্রথম টেস্ট ম্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর আগে শেখ হাসিনা টসের জন্য বিশেষ গোলাপি কয়েন এবং গোলাপি ম্যাচ বল সংশ্লিষ্ট দলের অধিনায়ক এবং আম্পায়ারদের হাতে তুলে দেন। দুপুর সাড়ে ১২টায় প্রধানমন্ত্রী টেস্টের ভেন্যু ইডেন          গার্ডেনে এসে পৌঁছলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি তাকে স্বাগত জানান। বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাঠে প্রবেশ করেই একটি ছাতার নিচে একত্রে কিছুক্ষণের জন্য বসেন। এরপর শেখ হাসিনা ও মমতা বন্দ্যোপাধ্যায় মাঠে প্রবেশ করেন এবং উভয় দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন। মাঠে প্রবেশের সঙ্গে সঙ্গেই গ্যালারি ভর্তি হাজারো দর্শক তুমুল করতালির মাধ্যমে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানায়। তিনিও হাত নেড়ে করতালির জবাব দেন। ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি এবং বাংলাদেশের টেস্ট অধিনায়ক মমিনুল হক নিজ নিজ খেলোয়াড়দের সঙ্গে প্রধানমন্ত্রীর পরিচয় করিয়ে দেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এবং বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি এ সময় উপস্থিত ছিলেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সকাল ১০টা ২৫ মিনিটে ভারত-বাংলাদেশের মধ্যে অনুষ্ঠেয় প্রথম দিবারাত্রির টেস্ট ম্যাচ দেখতে কলকাতা এসে পৌঁছেন। এর আগে বিসিসিআইর সভাপতি সৌরভ গাঙ্গুলি কলকাতায় দ্বিতীয় টেস্ট ম্যাচ দেখতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান।

গোলাপি বলে প্রথমবারের মতো পাঁচ দিনের টেস্ট ম্যাচ আয়োজনকে কেন্দ্র করে পুরো ইডেন গার্ডেনকে বর্ণাঢ্য সাজে সজ্জিত করা হয়। ফেয়ার প্লে প্ল্যাকার্ডবাহী শিশু থেকে শুরু করে স্কোর বোর্ড এমনকি ম্যাচের টস কয়েনটিও গোলাপি বর্ণের ছিল। বাংলাদেশের অধিনায়ক মমিনুল হক টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। প্রধানমন্ত্রী পরে প্রথম সেশনের খেলা উপভোগ করেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ সময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম সেশনের খেলা দেখার পর হোটেলে ফিরে যান। তিনি সন্ধ্যায় পুনরায় স্টেডিয়ামে ফিরে আসেন। প্রধানমন্ত্রী প্রথম দিনের ম্যাচ শেষে ইডেন গার্ডেন স্টেডিয়ামে বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন। প্রধানমন্ত্রীর রাতেই বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ঢাকার উদ্দেশে নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করার কথা।