ঘন কুয়াশার কবলে পড়ে দেশের ব্যস্ততম দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে শুক্রবার সকালে দেড় ঘণ্টারও বেশি সময় ফেরি চলাচল বন্ধ ছিল। এতে দৌলতদিয়া ঘাট এলাকায় নদী পার হতে আসা যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়।
বিআইডব্লিউটিসি সূত্র জানায়, শুক্রবার ভোর থেকে নদী এলাকায় কুয়াশা পড়তে থাকে। ভোর ৬টার দিকে কুয়াশার ঘনত্ব আরো বেড়ে যায়। এতে ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেয়। এরপর সকাল সাড়ে ৭টার দিকে কুয়াশার ঘনত্ব কিছুটা কমে এলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। এদিকে ব্যস্ততম এই নৌরুটে টানা দেড় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে নদী পার হতে আসা বিভিন্ন যানবাহন দৌলতদিয়া ঘাট এলাকায় আটকা পড়ে। শুক্রবার দুপুরেও ফেরি ঘাটের জিরো পয়েন্ট থেকে দৌলতদিয়া ক্যানেল ঘাট পর্যন্ত অন্তত দেড় কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের সারি ছিল। যাত্রীরা এ সময় চরম দুর্ভোগ পোহায়।
