আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, দেশের সার্বিক পরিস্থিতির ওপর সরকারের নিয়ন্ত্রণ আছে। তবে আমাদের নিয়ন্ত্রণ নেই একটা জায়গায়। সেটা হলো বিএনপির মুখের ওপর। ওদের মুখের যে ভাষা, ওদের মিথ্যাচার-অপপ্রচারের ওপরে আমাদের নিয়ন্ত্রণ নেই। বর্তমান বাজার পরিস্থিতিতে বিএনপি নাকি দুর্ভিক্ষের আশঙ্কা করছে।
গতকাল শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের সপ্তম জাতীয় কংগ্রেসের প্রস্তুতি ও মঞ্চ পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘সড়ক পরিবহন নিয়ে যে সমস্যা ছিল, আলোচনার মাধ্যমে তা সমাধান হয়েছে। বৃহস্পতিবার থেকে ঢাকাসহ আশপাশের এলাকায় সব ধরনের যান চলছে। কোথাও সমস্যা থাকলে দ্রুতই স্বাভাবিক হয়ে যাবে।’ যুবলীগের কেন্দ্রীয় কংগ্রেসের দিন আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের নেতৃত্ব ঘোষণা করা হবে কি না জানতে চাওয়া হলে তিনি বলেন, সম্মেলন ছাড়া কমিটি ঘোষণা হবে না। কাউন্সিলের পর মহানগর উত্তর ও দক্ষিণের কমিটির ব্যবস্থা করবে যুবলীগের নতুন কমিটি। তিনি বলেন, যুবলীগের নেতৃত্ব বাছাই কাউন্সিলররা ঠিক করবে। তাদের মধ্যে আলাপ-আলোচনা হবে। তাদের সম্মতিতে পরবর্তী নেতৃত্ব আসবে।
এ সময় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, যুবলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক চয়ন ইসলাম, যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আতিক প্রমুখ উপস্থিত ছিলেন।
