সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রংপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ আটটি বগি লাইনচ্যুত ও আগুনের ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিল করেছে জেলা প্রশাসনের তদন্ত কমিটি। গত বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসক ড. ফারুক আহম্মেদের কাছে প্রতিবেদন দাখিল করেন তদন্ত কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফিরোজ মাহমুদ। জেলা প্রশাসক ড. ফারুক আহম্মেদ এ তথ্য নিশ্চিত করে জানান, পাঁচটি সুপারিশ সংবলিত ২৯ পৃষ্ঠার প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি। প্রতিবেদনে প্রাথমিকভাবে বলা হয়েছে, লুপ লাইনে ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে রেললাইনের স্টক রেল ও টাং রেল দুটি লক থাকার কথা ছিল, কিন্তু সেখানে লক ছিল না। দুটি লাইনের মাঝখানে গ্যাপ ছিল, যে কারণে ট্রেনের ইঞ্জিন সেখানে এসে লাইনচ্যুত হয়েছে। এছাড়া দুর্ঘটনার আরো কয়েকটি কারণ উল্লেখ করা হয়েছে। সেগুলো মন্ত্রণালয়ে পাঠনোর পরে তারাই প্রকাশ করবে।
গত ১৪ নভেম্বর ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে পৌঁছার আগে এর ইঞ্জিনসহ আটটি বগি লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগিতে আগুন ধরে যায়। এ দুর্ঘটনায় আহত হন পাঁচ জন। এ ঘটনা তদন্তে রেল বিভাগ তিনটি ও জেলা প্রশাসন একটি কমিটি গঠন করে। তদন্ত কমিটির অন্য সদস্যগণ হলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফ হাসান, সহকারী পুলিশ সুপার গোলাম রহমান, ওসি জিআরপি আকতার হোসেন, সহকারী প্রকৌশলী শিপন আলী।
