আওয়ামী লীগ সরকার সবকিছুই খেয়ে ফেলছে বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সেলিম আল দীনের লেখা ‘মুনতাসীর ফ্যান্টাসি’ নাটকে দেখেছি প্রধান চরিত্র সবকিছু খেয়ে ফেলে। তার পেটে প্রচণ্ড ক্ষুধা, সেজন্য সে চেয়ার-টেবিল, কাগজপত্র সবকিছু খেয়ে ফেলে। এ সরকারও মুনতাসীর ফ্যান্টাসির মধ্যে পড়েছে। তারা সবকিছুই খেয়ে ফেলছে। এখন সাধারণ মানুষের পেঁয়াজ আর লবণ নিয়ে টানাটানি শুরু করছে। এই সরকারের একটাই উদ্দেশ ক্ষমতায় থেকে লুটপাট করা। নিজেরা বিত্তশালী হওয়া এবং টাকা বিদেশে পাচার করা। তিনি বলেন, আগে তো ধরেন ১০ বছর ধরে বিএনপিকে পিটিয়েছে। এখন সাধারণ মানুষকে পেটানো শুরু করেছে। পেঁয়াজ, লবণ, চাল সবকিছুর দাম এমন পর্যায়ে বাড়াচ্ছে যেখানে সাধারণ মানুষের জীবন দুঃসহ হয়ে পড়েছে।
গতকাল শুক্রবার সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে স্বেচ্ছাসেবক দল আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, হতাশ হওয়ার কিছু নেই। ম্যান্ডেলা ২৭ বছর জেলে ছিলেন। সু চি প্রায় ২২ বছর গৃহবন্দি ছিলেন। শেষ পর্যন্ত গণতন্ত্রের জয় হয়েছে। আমাদের নেত্রী খালেদা জিয়া কারাগারে। নিজের জন্য নয়, তিনি জনগণ ও গণতন্ত্রের জন্য কারাগারে। শেষ পর্যন্ত তারই জয় হবে। স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর সভাপতিত্বে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদীন, শওকত মাহমুদ, যুগ্ম মহাসচিব হাবীব-উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সাংবাদিক নেতা আবদাল আহমেদ প্রমুখ এতে বক্তব্য রাখেন।
