মেয়ের গোসলের ভিডিও করে ব্ল্যাকমেইল

আপডেট : ২২ নভেম্বর ২০১৯, ২২:৩১

মেয়ের গোসলের ভিডিও করে এক ব্যক্তির ব্ল্যাকমেইলের প্রতিবাদ করায় প্রাণ দিতে হলো পিতাকে। শুক্রবার সকালে যশোরের উপশহরের ৬ নম্বর সেক্টরে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি (৪৫) ঐ এলাকার বাসিন্দা ও নৈশপ্রহরী। এ ঘটনায় পুলিশ হোসেন (৩২) নামে একজনকে আটক করেছে।  স্থানীয় সূত্র ও এলাকাবাসী জানায়, প্রায় তিনমাস আগে ঐ এলাকার ইলেক্ট্রিশিয়ান হোসেন গোপনে প্রতিবেশী ঐ ব্যক্তির বিবাহিত মেয়ের গোসলের ভিডিও ধারণ করে। এরপর ঐ ভিডিও দেখিয়ে গত ৩ মাস ধরে ব্ল্যাকমেইল ও অনৈতিক সম্পর্ক স্থাপনে বাধ্য করে। বৃহস্পতিবার রাতে বিষয়টি জানাজানি হয়ে যায়। শুক্রবার সকালে মেয়ের বাবা এর প্রতিবাদ করতে গেলে হোসেন তার বুকে লাথি মারে। এতে পড়ে গিয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি মনিরুজ্জামান জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। হোসেনকে হেফাজতে নেওয়া হয়েছে। যে ভিডিওর কথা বলা হচ্ছে সেটির অনুসন্ধান চলছে।