গাজীপুর মহানগরীর ভুরুলিয়া এলাকায় ট্রেনে কাটা পড়ে নিহত অজ্ঞাত পরিচয় ব্যক্তির (৪৫) খণ্ডিত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ঐ দুর্ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।
জয়দেবপুর জংশন রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আব্দুল মান্নান জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ঐ ব্যক্তি স্থানীয় ভুরুলিয়া মার্কাজ ব্রিজ অতিক্রমকালে ব্রিজের ওপরই ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরের দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন। এ সময় তার মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে ব্রিজের নিচে পানিতে পড়ে যায় এবং দেহটি ব্রিজের ওপর আটকে ছিল। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরনে গেঞ্জি ও প্রিন্টের লুঙ্গি ছিল।
