আড়াইহাজারে পুকুরপাড়ের জুয়ার আস্তানা থেকে আট জুয়াড়িকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ হাইজাদী ইউনিয়নের ধন্দী ভিটিকামালদী এলাকায় যায় এবং স্থানীয় বাসিন্দা ইসমাইলের পুকুরপাড়ে বসানো জুয়ার আসর থেকে তাদের আটক করে।
আটককৃতরা হলেন—আড়াইহাজার থানাধীন ঝাউগড়া এলাকার নাসিরউদ্দিনের ছেলে খোকন, ভিটিকামালদী এলাকার মৃত আক্তার মিয়ার ছেলে সারোয়ার ভূঁইয়া স্বপন, মৃত আবু বকর মিয়ার ছেলে জাকির হোসেন, মৃত কদম আলীর ছেলে আমান মিয়া, ধন্দী বাজার এলাকার মতিনের ছেলে আনার মিয়া, সোনারগাঁও থানাধীন শেখেরকান্দী এলাকার মৃত মালেক ভূঁইয়ার ছেলে শফিকুল ইসলাম, বুরুমদী এলাকার ফজলুল হকের ছেলে শফিকুল ইসলাম ও মৃত জজ মিয়ার ছেলে নুরুল হক। আড়াইহাজার থানার ওসি তদন্ত শফিকুল ইসলাম জানান, ধন্দী ভিটিকামালদী এলাকায় দীর্ঘদিন যাবত্ জুয়াখেলা চলে আসছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে জুয়া আইনে একটি মামলা হয়েছে।
